বস্তি থেকে অস্কার: সানি পাওয়ারের গল্প
এই সেদিনও মুম্বাইয়ের শহরতলীর এক বস্তি ছিল তার চলাচলের গন্ডি। এখন তার ওঠা-বসা পশ্চিমের আলো-ঝলমলে বিনোদন জগতের বিখ্যাত সব তারার সঙ্গে। ‘লায়ন’ নামের একটি অধ্যায় এভাবেই বদলে দিয়েছে ভারতীয় শিশু সানি পাওয়ার-এর জীবনকে।
মুম্বাইয়ের এয়ার ইন্ডিয়া মডেল স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র সানির বাবা একসময় কাজ করতেন পয়ঃনিষ্কাশনকর্মী হিসেবে। মা গৃহবধূ। ঘরে আরও দুটি ছোট ছোট ভাইবোন আছে। এভাবেই আর দশটা নিম্নবিত্ত পরিবারের শিশুদের মতোই কেটে যাচ্ছিল সবকিছু। কিন্তু একটা অডিশন বদলে দেয় সব।
গার্থ ডেভিস ও তার দল তখন খুঁজছিলেন তার পরবর্তী সিনেমা ‘লায়ন’-এর জন্য একটি ভারতীয় শিশুকে, যে কিনা অভিনয় করবে হারিয়ে যাওয়া ছোট্ট সারু’র চরিত্রে। দুই হাজার স্কুল পড়ুয়ার দল থেকে এই চরিত্রের জন্য নির্মাতারা বেছে নেন সানিকেই।
এই সারুকেই পরে দত্তক নেয় অস্ট্রেলিয়ার ব্রিয়ারলি দম্পতি, যাদের ভালোবাসায় নিজের দেশ থেকে সহস্র মাইল দূরে বেড়ে উঠতে থাকে সে। বড় হয়ে সে সিদ্ধান্ত নেয় নিজের শেকড় খুঁজে বের করার, আর সেখান থেকেই জন্ম নেয় অসাধারণ এক গল্পের।
গল্পটি অস্ট্রেলিয় ব্যবসায়ী সারু ব্রিয়ারলি’র নিজের জীবনের। আর সে গল্পকেই পর্দায় ফুটিয়ে তুলেছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেতা দেব প্যাটেল, যে কারণে তিনি মনোনীত হন অস্কারে পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার বিভাগে। সিনেমাটিও মনোনীত হয় সেরা চলচ্চিত্রের বিভাগে।
ছবি: রয়টার্স
শুধু কি জিমি? ভায়োলা ডেভিস, ডোয়েইন জনসনদের মতো তারকারা জিমির সঙ্গে ছবি তুলেছেন আগ্রহ নিয়ে। তবে হলিউডি সিনেমায় কাজ করতে গিয়ে সানির সবচেয়ে বড় বন্ধু হয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যান।
কিডম্যান মূল সিনেমাতে অভিনয় করেছেন সারু’র অস্ট্রেলিয় মা সু’র ভূমিকায়। এজন্য তিনি নিজেও পেয়েছেন অস্কার মনোনয়ন। সিনেমার সেটে সারুর সঙ্গে সময় কাটাতে গিয়ে দুজনের মধ্যে বন্ধুত্ব এতোটাই গভীর হয়ে যায় যে, কিডম্যানকে ক্রিকেটের মতো জটিল খেলা শিখিয়ে ফেলে সানি!
এই মুহূর্তে ‘লায়ন’এ্রর সাফল্যের হাওয়াতেই ভাসছে সানি। বড় বড় অ্যাওয়ার্ড অনুষ্ঠানের কল্যাণে বিদেশ-বিভুঁয়েই কাটছে দিনকাল। ‘লায়ন’-এর সুবাদে ফ্রিদা পিন্টোর সঙ্গে আরেকটি সিনেমা ‘লাভ সোনিয়া’তেও অভিনয়ের সুযোগ পেয়েছে সানি। সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরেই।
