আসছে টেলিছবি ‘খোলা জানালা’
একজন মানুষের সর্ম্পকে পুরোপুরি না জেনে তার সর্ম্পকে মনের ভিতরে ভুল ধারনা পোষন করার মত বিষয়গুলোকে ঘিরেই নির্মিত হয়েছে এই টেলিছবি।
হঠাৎ দেখায় প্রেমে পড়া, প্রেমের প্রস্তাব দিতে সংকোচবোধ এবং ঘটনাক্রমে অপছন্দের মানুষটির সঙ্গে প্রেমের বাঁধনে বাঁধা পড়া এমনই সব ঘটনাগুলোকে উপজীব্য করে নির্মিত হয়েছে টেলিছবি ‘খোলা জানালা’। টেলিছবিটি নির্মাণ করেছেন সহিদ উন নবী ।
‘খোলা জানালা’ টেলিছবির গল্পে দেখা যাবে, ঢাকায় একটি বিশেষ কাজে মামার বাসায় বেড়াতে আসে আসাদ। তার রুমে একটি জানালা থাকে। সেই জানালার অন্যপাশের বাড়িতে তনু নামের এক তরুণী থাকে। তনুকে আসাদের পছন্দ হয়ে যায়। সময় পেলেই তনুর ছবি আঁকে আসাদ। একদিন ঘটনাক্রমে তনুর চোখে বিষয়টি ধরা পড়লে সে আসাদকে খুব অপমান করে। কিন্তু পরবর্তীতে তনু যখন আসাদের আসল পরিচয় জানতে পারে তখন তার ভুল ভাঙে। তখনই গল্পে তৈরি হয় চরম নাটকীয়তা।
টেলিছবিতে সকল শ্রেণির দর্শকের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে, এমনটাই দাবী নির্মাতার।
গ্লিটজকে নবী বলেন,“কারো সর্ম্পকে ভালোমত না জেনে সেই মানুষটি সর্ম্পকে কোনো ধরনের ধারনায় উপনীত হওয়া উচিত নয়। কারন একজন মানুষের ভিতরে কখন কোন ভালো গুনাগুন থাকে তা অনেক সময় দূর থেকে বোঝা যায় না। তাই যে কোনো ব্যক্তির ব্যাপারে মন্তব্য করার আগে সেই মানুষটির সম্পর্কে ভালোমত জানা উচিত।”
সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়েছে টেলিছবির দৃশ্যধারণের কাজ। সবকিছু ঠিকঠাক থাকলে মার্চের প্রথম শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে টেলিছবিটি।
ছবি: ‘খোলা জানালা’ টেলিছবির দৃশ্য নির্মাতার সৌজন্যে।
