২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’কে নিষিদ্ধ ঘোষণার দাবি মুসলিমদের

সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র না পাওয়ার ঘটনার পর এবার কঙ্কণা সেন শর্মা অভিনীত ‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’কে নিষিদ্ধ ঘোষণার দাবি তুললো ভারতের মুসলিম জনগোষ্ঠির একাংশ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2017, 08:09 PM

Updated : 11 Apr 2022, 11:04 PM

শনিবার ভুপালের মুসলিম নেতারা সিনেমাটিকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করে। তাদের ভাষ্য সিনেমাটি মুক্তি পেলে মুসলমানদের ধর্মীয় অনুভূত আহত হবে।

হিন্দুস্তান টাইমস বলছে, অল ইন্ডিয়া মুসলিম তেহওয়ার কমিটি নামের ওই সংগঠন থেকে সিনেমাটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার চিন্তা-ভাবনাও চলছে।

সংগঠনটির প্রধান আউসাফ শাহমীরি খুররম হিন্দুস্তান টাইমসকে বলেন, বোরখার মতো স্পর্শকাতর একটি বিষয় নিয়ে কোনো ধরণের মন্তব্য করার অধিকার কারও নেই।

তার ভাষ্যে, “আমাদের মা-বোনদের বোরখার নিচে উঁকি দেওয়ার চেষ্টা করলে আমরা চুপ করে বসে থাকবো না। বোরখা একটি ইসলামি ঐতিহ্য, এটা নিয়ে নেতিবাচক মন্তব্য করার অধিকার কারো নেই।”  

‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’ সিনেমাটির গল্প এগিয়েছে বোরখার আড়ালে

জীবন যাপন করা চার নারী, এক কলেজপড়ুয়া, এক রূপবিশেষজ্ঞ, একজন তিন সন্তানের মা এবং ৫৫ বছর বয়সী এক নারীকে নিয়ে, যারা নতুন ভাবে নিজের যৌনতাকে আবিষ্কার করে।

এর আগে ছবিটিতে অতিরিক্ত যৌনতার ব্যবহারের কারণ দেখিয়ে একে ছাড়পত্র দিতে রাজি হয়নি ভারতের সেন্সরবোর্ড। বিষয়টিকে নারীদের বাকস্বাধীনতার প্রতি হস্তক্ষেপ করা হচ্ছে বলে মনে করছেন নির্মাতা।