সম্পর্কের সঙ্কট নিয়ে স্বল্পদৈর্ঘ্য ‘ইস’
তারুণ্যের প্রেম ও সম্পর্কের সঙ্কট নিয়ে নির্মিত হলো স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র ‘ইস’।
নারী ও পুরুষের সম্পর্কের সুন্দরতম রূপ প্রেম। সে সম্পর্কে পারস্পরিক শ্রদ্ধা একটি অপরিহার্য বিষয়। কখনো তার অনুপস্থিতি সম্পর্কের ভাঙনের কারণ হয়ে দাঁড়ায়। এমন উপলব্ধি থেকেই এ সময়ের তারুণ্যের প্রেমের গল্পে তরূণ নির্মাতা মারিয়া তুষার নির্মাণ করলেন স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র ’ইস’।
চলচ্চিত্রটিতে দুই তরুণ তরুনীর চরিত্রে অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম ও ইমরান আহমেদ সওদাগর।
রোববার দুপুরে নির্মাতা মারিয়া তুষার গ্লিটজকে বললেন, ‘‘চলচ্চিত্রটি দেখে উপলব্ধির জায়গা থেকে দর্শকের মনে একটা আক্ষেপ জাগবে। তাই এর নাম ‘ইস’।’’
নির্মাতা জানান ঢাকার বিভিন্ন লোকেশনে দুইদিনব্যাপী চিত্রধারণ শেষে এটি এখন সম্পাদনার টেবিলে। মার্চের শুরুতেই অন্তর্জালে মুক্তিপাবে চলচ্চিত্রটি। এদিকে রাণী সরকার অভিনীত এ নির্মাতার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গ্রাস’ ও মুক্তি পেতে যাচ্ছে আসছে এপ্রিল মাসেই। চলচ্চিত্রটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তমা মির্জা, আর বি প্রীতম, জ্যোতিকা জ্যোতি, কচি খন্দকার সহ অনেকেই।
