২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরুখের অস্কার পাওয়া উচিৎ : পাউলো কোয়েলহো

‘মাই নেইম ইজ খান’ সিনেমার ৭ম বছরপূর্তিতে এক টুইটে এ কথা বলেন তিনি

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2017, 09:26 PM

Updated : 11 Apr 2022, 10:59 PM

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্রাজিলীয় ঔপন্যাসিক পাউলো কোয়েলহো বলেছেন ‘মাই নেইম ইজ খান’ সিনেমায় অস্কার জেতার মতো অভিনয় করেছেন শাহরুখ খান।

২০০৮ সালের সিনেমা ‘মাই নেইম ইজ খান’ সিনেমায় শাহরুখ খান অভিনয় করেছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী এক ভারতীয় মুসলিম অটিস্টিক যুবক রিজওয়ান খানের চরিত্রে। করণ জোহর পরিচালিত সিনেমাটিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেন কাজল।

সিনেমাটির ৭ম বর্ষপূর্তি উপলক্ষ্যে কোয়েলহো এক টুইট পোস্টে লিখেন, “তার (শাহরুখ খান) অভিনীত প্রথম এবং একমাত্র সিনেমা আমি দেখেছি এবছর (যদিও সেটা ২০১০ সালেই মুক্তি পেয়েছে)। ‘মাই নেইম ইজ খান’ কেবল অসাধারণ একটি সিনেমাই নয়, শাহরুখ খান এই সিনেমার জন্য অস্কার পেতে পারতেন যদি হলিউড এতোটা একচোখা না হতো।”

শাহরুখ-এর আরও সিনেমা দেখার ইচ্ছা প্রকাশ করে কোয়েলহো আরও লিখেন, “তিনি আমাকে আরও সিনেমা পাঠাবেন বলেছেন। যেহেতু সুইজারল্যান্ডে এই ছবিগুলো পাওয়া সহজ নয়।”

সিনেমাটির সপ্তম বর্ষপূর্তি উপলক্ষ্যে টুইট করেন শাহরুখ খান এবং করণ জোহরও।

শাহরুখ লিখেন, “এটা বেশ দুঃখজনক যে ‘মাই নেইম ইজ খান’ এখনও এই বিশ্বে প্রাসঙ্গিক।”

সিনেমাটির গল্প আবর্তিত হয় রিজওয়ান খান নামের এক অটিস্টিক মুসলিম যুবককে ঘিরে, নাইন ইলেভেনের ঘটনার পর কেবলমাত্র ‘খান’ পদবী থাকার কারণে যে বর্ণবিদ্বেষের স্বীকার হয়। পরবর্তীতে সে ‘মাই নেইম ইজ খান অ্যান্ড আই অ্যাম নট আ টেররিস্ট’ প্ল্যাকার্ড হাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার লক্ষ্যে রাস্তায় নামে।

৪৫ কোটি রুপি বাজেটের সিনেমাটি সেবছর আয় করেছিল মোট ২০৫ কোটি রুপি। শাহরুখ খান, করণ জোহর এবং কাজল সিনেমাটির জন্য ফিল্মফেয়ারসহ নানা পুরস্কারে ভূষিত হন।