২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যাঁ, আমি অতিমূল্যায়িত অভিনেত্রী : স্ট্রিপ

তিনবারের অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী মেরিল স্ট্রিপ তার উদ্দেশ্যে করা ডোনাল্ড ট্রাম্পের ‘অতিমূল্যায়িত অভিনেত্রী’র জবাব দিয়েছেন সম্প্রতি। তিনি বলেছেন, “হ্যাঁ, আমি সত্যিই অতিমূল্যায়িত এবং অতিঅলঙ্কৃত এক অভিনেত্রী।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2017, 07:16 PM

Updated : 11 Apr 2022, 10:59 PM

হলিউড রিপোর্টার বলছে, দ্য হিউম্যান রাইটস ক্যাম্পেইন নামের একটি মানবাধিকার সংগঠনের আয়োজনে চলতি বছরের গ্রেটার নিউইয়র্ক গালা ডিনারে নিজের বক্তব্যে বলেন, “হ্যাঁ, আমি সত্যিই হলিউডের সবচেয়ে অতিমূল্যায়িত, অতিঅলঙ্কৃত এবং এই মুহূর্তে সবচেয়ে বেশি সমালোচিত অভিনেত্রী, যে ফুটবল পছন্দ করে। কিন্তু একারণেই তো আপনারা আমাকে নিমণ্ত্রন জানিয়েছেন; তাই নয় কি?”

এর আগে জানুয়ারিতে গোল্ডেন গ্লোবে সেসিল বি ডিমিল অ্যাওয়ার্ড গ্রহণের সময় ট্রাম্প-এর সমালোচনা করে বক্তব্য দেন স্ট্রিপ। তার প্রতিক্রিয়ায় টুইটারে ট্রাম্প তাকে ‘অতিমূল্যায়িত অভিনেত্রী’ হিসেবে আখ্যা দেন।

মেরিল তার বক্তব্যে বিদ্রূপ করে আরও বলেন, “আমাদের অবাক হওয়া উচিৎ নয় যে, সব চেহারার মৌলবাদীরাই এখন চর্চিত হচ্ছে এবং তারা তাদের ক্ষোভ উগরে দিচ্ছে। আমাদের অবাক হওয়া উচিৎ নয় যে, আমরা যা ভেবেছিলাম, তার চেয়েও চড়া মূল্য আমাদেরকে এসব পরিবর্তনের জন্য দিতে হচ্ছে। এই সংকটময় মুহূর্তগুলোতে যদি আমরা টিকে যাই,  যদি প্রতিহিংসার এই ধংসাত্মক প্রবৃত্তি আমাদেরকে পারমাণবিক শৈত্যপ্রবাহের দিকে ঠেলে না দেয়, তাহলে আমাদের নেতাকে সত্যিই ধন্যবাদ দিতে হবে!”  

গ্রেটার নিউইয়র্ক গালা ডিনারে মেরিল স্ট্রিপকে তার অভিনয়জীবন এবং বিগত কয়েক বছর ধরে সমকামীদের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রাখার কারণে সম্মাননা প্রদান করা হয়।