২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুভর সঙ্গে ফারিয়ার ভ্যালেন্টাইনস ডে ব্যাংককে

আরেফিন শুভতেই মজেছেন নুসরাত ফারিয়া। ভালোবাসা দিবসকে উপলক্ষ করে শুক্রবার সারাদেশে মুক্তি পাচ্ছে তাদের ‘প্রেমী ও প্রেমী’ চলচ্চিত্রটি।কিন্তু ভালোবাসা দিবসে এ দুজন থাকছেন ব্যাংককে। রহস্য উন্মোচনে গ্লিটজের প্রশ্নের মুখে নুসরাত ফারিয়া।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2017, 06:26 PM

Updated : 25 Jul 2022, 08:54 PM

হাসতে হাসতে বললেন, “ভ্যালেন্টাইনস ডেতে আমরা দু’জন যাচ্ছি ব্যাংককে। রহস্যটা খোলসা করেই বলি, আমাদের দুজনের দ্বিতীয় চলচ্চিত্র‘ধ্যাততিরিকি’র একটি গানের শুটিংয়ে ১২ তারিখ উড়াল দিচ্ছি আমরা। সেখানেই ভালোবাসা দিবস কাটবে আমাদের। যতটুকু পারবো, সেখান থেকেই জানার চেষ্টা করবো ভালোবাসা দিবসে ‘প্রেমী ও প্রেমী’ কেমন রোমান্স ছড়াচ্ছে আমাদের দর্শকদের মনে।”

যৌথপ্রযোজনার ছবিতে টলিউড স্টার জিৎ ও ওমের বিপরীতে অভিনয় করলেও জাকির হোসেন রাজু পরিচালিত ‘প্রেমী ও প্রেমী’ চলচ্চিত্রের মাধ্যমেই বড়পর্দায় এই প্রথম দেশি নায়কের হাত ধরলেন নুসরাত ফারিয়া। আরেফিন শুভর বিপরীতে চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে আসছে শুক্রবার। ছবির প্রচারণায় তুমুল ব্যস্ত সময় পার করছেন এ নায়িকা। ছুটছেন টেলিভিশন আর রেডিও স্টেশানগুলোতে।

ইউটিউব তারকা সালমান মোক্তাদিরের সঙ্গে বুধবার রাতে উপস্থিত হচ্ছেন ফেসবুক লাইভে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে ইটিভি। প্রচারণায় নিজের সবটুকুই উজাড় করে দিচ্ছেন তিনি।

বললেন, “আমি যেহেতু মার্কেটিংয়ের স্টুডেন্ট আমি জানি প্রচারণার গুরুত্ব কতটুকু। অনেকদিন ধরেই চেষ্টা করছি চলচ্চিত্রটি নিয়ে দর্শকদের কাছে পৌঁছাবার। এখন একদম শেষ মুহুর্তে চলে এসেছি। চাইছি, যতটুকু সম্ভব দর্শকদের জানান দেওয়া যায় চলচ্চিত্রটি সম্পর্কে।”

দর্শকদের উদ্দেশে আমন্ত্রণও জানালেন, “আমরা জানি বর্তমান সময়ে মানুষ অনেক ব্যস্ত, কারোরই দম ফেলবার ফুসরত নেই। কিন্তু আমি দর্শকদের বলবো, এরমাঝেও একটু সময় করে ছবিটি দেখতে আপনার ভালেবাসার মানুষের হাত ধরে হলে যান। আমার বিশ্বাস, আপনারা উপভোগ করবেন চলচ্চিত্রটি।”

এ ছবির সাফল্যই বলে দেবে আরেফিন শুভর সঙ্গে ফারিয়ার জুটি গড়ে ওঠার ভুত-ভবিষ্যত। তাই বলে থেমে নেই দু’জন। শামিম আহমেদ রনির পরিচালনায় ‘ধ্যাততিরিকি’ চলচ্চিত্রে ফের পহেলা বৈশাখে হাজির হবেন তারা দুজন। চলচ্চিত্রটির নির্মাণ প্রায় শেষের দিকে। চলছে গানের চিত্রায়ন।গানের চিত্রায়নেই ছুটছেন ব্যংককে।

চলচ্চিত্রটিতে নুসরাত ফারিয়া লাঠিয়াল পরিবারের গর্বিত কন্যা। গ্রামীন প্রেক্ষাপটের গল্প হলেও রোমান্স কল্পনায় গানের তালে তালে শুভ-ফারিয়াকে দেখা যাবে ব্যাংককে। খটকা দূর করতে ফারিয়াই এগিয়ে এলেন- “দৃশ্যটি ঘটবে স্বপ্নে। সিনেমাটির গল্পে, গ্রামের হলেও আমিতো ধনী পরিবারেরই মেয়ে। যেতে পারিনা ব্যাংককে?”