২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আঙ্কল ডাকলে রাগ করতেন সালমান!’

ডেবিড ধাওয়ানের ‘জুড়ুয়া’র শুটিং সেটে সালমান খানকে ‘আঙ্কল’ ডেকে তার রোষের শিকার হয়েছিলেন বরুন ধাওয়ান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2017, 07:35 PM

Updated : 11 Oct 2022, 01:26 PM

২০ বছর আগে ‘জুড়ুয়া’ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করে পর্দা কাঁপিয়েছিলেন সালমান খান। এবারে এই সিনেমার সিক্যুয়াল ‘জুড়ুয়া-টু’তে সালমানের জায়গায় অভিনয় করছেন  ডেভিড ধাওয়ান পুত্র বরুন ধাওয়ান।

‘জুড়ুয়া-টু’-র প্রথম পোস্টার প্রকাশ উপলক্ষে হিন্দুস্তান টাইমস’কে দেওয়া এক সাক্ষাতকারে বরুন বলেন, “প্রথম যখন ‘জুড়ুয়া’ ছবির সেটে সালমানকে দেখি তখন আমার বয়স ছিলো সাত বছর! আমি তাকে ‘আঙ্কল’ বলে ডেকেছিলাম আর তিনি রেগে গিয়ে আমাকে থাপ্পড় মারতে চেয়েছিলেন!”

বরুন আরও বলেন, “আঙ্কল ডাকলে রাগ করতেন সালমান। তিনি আমাকে বলেছিলেন, তুমি ডেভিড ধাওয়ানের ছেলেই হও বা আর যে-ই হও, শুটিং সেটে আমাকে আঙ্কল ডাকা চলবে না!”

১৯৯৭ সালের সিনেমাটিতে হারিয়ে যাওয়া যমজ ভাই প্রেম মালহোত্রা ও রাজা- এই দু’চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন সালমান। বরুন কি পারবেন সালমানকে ছাড়িয়ে যেতে?

বরুন-এর জবাব, “সালমান খানের আশীর্বাদ সব সময় আমার সঙ্গে আছে। আমি কারও মতো অভিনয় করতে চাইনা বা কাউকে টেক্কাও দিতে চাই না। আমি শুধু চাই আমার মতো করে ভালোভাবে কাজটি করতে। আমি কাউকে হতাশ করতে চাই না।”

‘জুড়ুয়া-টু’র পোস্টারে প্রেম মালহোত্রা ও রাজা- দুই চরিত্রেই সপ্রতিভ দেখা গেছে বরুনকে। ‘জুড়ুয়া’তে সালমানের বিপরীতে ছিলেন কারিশমা কাপুর ও রম্ভা। ‘জুড়ুয়া-টু’তে বরুন ধাওয়ানের বিপরীতে থাকছেন তাপসি পান্নু ও জ্যাকলিন ফার্নান্দেজ।