২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরুখের ঠোঁটে রবীন্দ্রসংগীত!

পশ্চিমবঙ্গের পর্যটনের এক বিজ্ঞাপনে শাহরুখ খানকে দেখা গেছে রবীন্দ্রসংগীত গাইতে

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2017, 06:39 PM

Updated : 19 Aug 2022, 03:42 PM

বিজ্ঞাপনে তাকে নিয়মিতই দেখা যায়। কিছুদিন আগেই দুবাইয়ের পর্যটনের বিজ্ঞাপন করেছেন। এবার নিজ দেশের পশ্চিমবঙ্গের পর্যটনের জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত একটি গানে ঠোঁট মেলালেন শাহরুখ খান।

সাড়ে তিন মিনিটের এই ভিডিওর একেবারে শেষপ্রান্তে হাজির হয়েছেন শাহরুখ। বিজ্ঞাপনটিতে একজন বিদেশী পর্যটকের দৃষ্টিতে পশ্চিমবঙ্গের বিখ্যাত কিছু জায়গা দেখানো হয়েছে। পুরনো রাজবাড়ি, কলেজ রোডের বইয়ের বাজার, বিষ্ণুপুরের টেরাকোটা মন্দির, পুরুলিয়ার ছৌ নৃত্য, সুন্দরবনের জেলে সম্প্রদায়, দার্জিলিংয়ের চা বাগান- পশ্চিমবঙ্গের প্রধান আকর্ষণগুলো উঠে এসেছে এই বিজ্ঞাপনে।

 

বিজ্ঞাপনটি প্রকাশের সঙ্গে সঙ্গেই দারুণ সাড়া ফেলেছে। প্রকাশ বর্মা পরিচালিত ভিডিওর এক পর্যায়ে দেখা যায়, বিদেশী পর্যটককে চমকে দিয়ে শাহরুখ গেয়ে ওঠেন ‘আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী’!

পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী গৌতম দেব এই ভিডিও নিয়ে দারুণ উচ্ছ্বসিত, “আমরা এই বিজ্ঞাপন নিয়ে দারুণ খুশি। পুরো বাংলায় দারুণ সাড়া ফেলেছে এটি। আমরা খুবই অতিথিপরায়ন জাতি। আশা করি এই ভিডিও দেখে পর্যটকরা পশ্চিমবঙ্গ ভ্রমণে আরও বেশি আগ্রহী হয়ে উঠবেন।”