২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সম্মিলিত সাংস্কৃতিক জোটের ১৪ দিনব্যাপী একুশে অনুষ্ঠানমালা

প্রতিবছরের মতো এবারও সম্মিলিত সাংস্কৃতিক জোট ১৪ দিনব্যাপী ‘অমর একুশের অনুষ্ঠানমালা’র আয়োজন করেছে। এবারের আয়োজনের মর্মবাণী ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2017, 04:08 PM

Updated : 11 Apr 2022, 10:57 PM

৮ থেকে ১৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনার এবং ১৮ থেকে ২১ ফেব্রুয়ারি ধানমণ্ডির রবীন্দ্র সরোবর মঞ্চে অমর একুশের অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জোটের কার্যাুলয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সভাপতি গোলাম কুদ্দুছ।

তিনি বলেন, “একুশের দুটো তাৎপর্য রয়েছে, একটি সাংস্কৃতিক অন্যটি রাজনৈতিক। মুক্তিযুদ্ধ-উত্তর বাংলাদেশে একটি অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা গড়ে তোলার সংগ্রাম শুরু করেছিলাম। সেই সংগ্রাম এখনও চলছে। অন্যদিকে বাংলা ভাষা ও তার সংস্কৃতিকে লালন করার সংগ্রামও আমাদের করতে হচ্ছে। আমরা এখনও সর্বস্তরে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করতে পারিনি।”

গোলাম কুদ্দুছ জানান, আন্তর্জাতিক যোগাযোগ ছাড়া অন্য সব ক্ষেত্রে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জোর দাবি জানাবেন এবারের আয়োজন থেকে।

উৎসবের মর্মবাণী প্রসঙ্গে জোট সভাপতি বলেন, “সাম্প্রদায়িকতার ভিত্তিতে গোটা জাতিকে আজ দ্বিধাবিভক্ত করার ষড়যন্ত্র চলছে, চলছে সহিংসতা। তার বিপরীতে আমরা সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করতে চাই। তাদের মধ্যে মৈত্রীর বন্ধনকে আরও দৃঢ়তর করতে চাই।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি অধ্যাপক মুহাম্মদ সামাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজনের উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী।

জোট সভাপতি গোলাম কুদ্দুছের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন জাতীয়ভিত্তিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে থাকবে দলীয় সংগীত, দলীয় আবৃত্তি, একক আবৃত্তি, একক সংগীত, দলীয় নৃত্য, শিশু-কিশোর পরিবেশনা, পথনাটক।