এবার আনুশকা ‘ভূত’!
প্রত্যাশা মতোই আনুশকা শর্মা নিজের প্রযোজিত দ্বিতীয় চলচ্চিত্রে অভিনয়ের কোনো খামতি রাখেন নি।
চরিত্র নির্বাচনের ক্ষেত্রে নিজেকে প্রতিনিয়তই ভাঙছেন। এবার রুপালী পর্দায় ‘ভূত’ হয়ে আসবেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা।
আনুশকার নতুন সিনেমা ‘ফিল্লোরি’র ট্রেইলার মুক্তি পেয়েছে আজ। সেখানেই এই নতুন রূপে দেখা গিয়েছে তাকে।
ট্রেইলারে দেখা যায়, এক অতৃপ্ত আত্মা হয়ে মৃত্যুর বহু বছর পর ফিরে এসেছেন আনুশকা। সুরজ শর্মার বিয়ে ঠিকঠাক হলেও ‘মাঙ্গলীক’ হওয়ার কারণে তাকে গাছের সাথে বিয়ে দেওয়া হয়। আর এটার পর থেকেই গাছে লুকায়িত আনুশকার আত্মা তার পিছু লেগে থাকে। এক সময় আনুশকা সুরজকে তার মৃত্যুর আগের গল্প শোনাতে থাকে। মৃত্যুর আগে দিলজিত দোসান্তের সাথে তার প্রেম ছিল। কিন্তু তাকে ছেড়ে কাজের কারণে চলে যেতে হয় দিলজিতকে। এভাবেই এগিয়ে যায় সিনেমার গল্প।
‘এনএইচ-১০’, ‘সুলতান’ ও ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমার পর আবারো পর্দা কাঁপাতে আসছেন আনুশকা। আগের তিনটি সিনেমার চেয়ে সম্পূর্ণ ভিন্ন রূপেই দেখা গিয়েছে তাকে। একই সাথে দর্শকের প্রত্যাশাও বেড়ে গিয়েছে কয়েকগুণ।
