শুরু হচ্ছে জয়ার ‘বিউটি সার্কাস’
শুরু হচ্ছে মাহমুদ দিদারের পরিচালনায় অনুদান প্রাপ্ত চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’এর শুটিং। চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন জয়া আহসান।
দীর্ঘ প্রস্তুতি ও অর্থ সংকট কাটিয়ে অবশেষে চলচ্চিত্রটির নির্মাণ শুরু করতে যাচ্ছেন এর নির্মাতা মাহমুদ দিদার। ৬ ফেব্রুয়ারি থেকে টানা দশদিনের শুটিংয়ে নওগাঁয় যাচ্ছেন তিনি। নওগাঁর সাপাহার গ্রামে এর মধ্যেই চলচ্চিত্রটি নির্মাণের জন্য বিশাল পূর্ব প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্মাতা ও তার সহযোগীরা।
দুইশ জনের নির্মাণ সঙ্গী নিয়ে প্রায় দুই হাজার গ্রামবাসীর অংশগ্রহণে চিত্রধারণের কাজ করবেন নির্মাতা। এর জন্য নির্মাতা বিশাল সার্কাস প্যান্ডেল নির্মাণ ও গ্রাম্যমেলার আয়োজন করেছেন।
শনিবার গ্লিটজকে মাহমুদ দিদার বলেন, “গ্রামবাংলার চিরায়ত মেলা ও সার্কাসের আদলে আমরা সেট নির্মাণ করেছি। ঐতিহ্যকে ধারণ করে গল্পের প্রয়োজনে সার্কাসের ক্ষেত্রটিকে একটু ফ্যান্টাসাইজ করেছি। দু’শজনের বিশাল টিমের পাশাপাশি একটি মেলার আয়োজনও করেছি। এতে প্রায় দুইহাজার গ্রামবাসী অংশ নেবেন। মূলত অর্থসংকট ও শীতের এই শেষ সময়টার জন্য অপেক্ষা করতে গিয়েই আমাদের নির্মাণের কাজ শুরু হতে দেরি হয়েছে।”
তথ্য মন্ত্রণালয়ের পাশাপাশি চলচ্চিত্রটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন জয়া আহসান। জয়ার সঙ্গে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন- ফেরদৌস আহম্মেদ, গাজী রাকায়েত, তৌকির আহমেদ, এবিএম সুমন ও হুমায়ূন সাধু।
চলচ্চিত্রটির কাহিনি সম্পর্কে নির্মাতা গ্লিটজকে বলেন, “সার্কাসকে কেন্দ্র করে একজন নারীর যে টিকে থাকা তার গল্প বিউটি সার্কাস। সার্কাস পুড়িয়ে দেয়ার পরও গণমানুষের পক্ষ নিয়ে হুমকির মুখেও একজন নারীর আপন শক্তিতে টিকে থাকার গল্প ফুটে উঠবে চলচ্চিত্রটিতে। এখানে পুরুষের ভূমিকাকে ইতিবাচক ও নেতিবাচক দুভাবেই উপস্থাপন করা হবে।”
চলচ্চিত্রটিতে জয়া আহসানকে দেখা যাবে চ্যালেঞ্জিং একটি চরিত্রে। থাকছে নানা চমক। পাশাপাশি প্রচলিত চলচ্চিত্রের ছক থেকে বেরিয়ে সমাজের নানা শ্রেণির মোড়ল ও ক্ষমতাধরদের ভূমিকায় দেখা যাবে ঢাকাই ফিল্মের নায়কদের।
নির্মাতার মতে, টানটান উত্তেজনার গল্প নির্ভর চলচ্চিত্র হতে যাচ্ছে ‘বিউটি সার্কাস’। নওগাঁ ছাড়াও সিলেটের একটি অঞ্চলেও চলচ্চিত্রটি চিত্রধারণ করা হবে। নির্মাণ কাজ শেষ হবে এ বছরেই।
