‘হৃতিক আমার ক্যারিয়ার নষ্ট করতে চেয়েছিলো’
হৃত্বিক রোশন-এর বিরূদ্ধে নিজের ক্যারিয়ার নষ্ট করতে চাওয়ার অভিযোগ তুলেছেন কঙ্গনা রানাউত।
কঙ্গনা-হৃতিক কাদা ছোঁড়া-ছুঁড়িকে বলিউডে সম্পর্কের টানাপোড়েনের সবচেয়ে বাজে উদাহরণ হিসেবে দেখানো হয়।
একটি তারকালাপ অনুষ্ঠানে হৃতিককে তার ‘গুরুত্বহীন প্রাক্তন প্রেমিক’ হিসেবে উল্লেখ করার মধ্য দিয়ে এ টানাপোড়েনের সূত্রপাত। তবে এ বিষয়ে মুখে তেমন কিছু না বললেও কঙ্গনাকে উকিল নোটিশ পাঠিয়ে সাবধান করে দিয়েছিলেন হৃতিক।
সম্প্রতি ফার্স্টপোস্ট’কে দেয়া এক সাক্ষাতকারে কঙ্গনা বলেন, “আমি কখনোই আগ বাড়িয়ে হৃতিককে নিয়ে কিছু বলতে যাইনি বরং সে-ই (হৃতিক) সবার আগে ইন্ড্রাস্ট্রিতে আমাকে নিয়ে নোংরা কথা ছড়িয়েছে। আমাদের ব্যক্তিগত বিষয়গুলোকে সবার সামনে তুলে ধরেছে।”
কঙ্গনা আরও বলেন, “হৃতিক আমার ক্যারিয়ার নষ্ট করতে চেয়েছিলো। সে ভেবেছিলো সবার কাছে আমাকে ছোট করে রাখবে। এমনকি হৃতিক এবং তার বাবা আমার চরিত্র সবার কাছে উন্মোচন করে দেবে এমন হুমকিও দিয়েছিল। কিন্তু তারা কিছুই করতে পারেনি। কারণ সবার সামনে প্রকাশ করার মতো এমন কিছুই আমি করিনি।”
এ ধরনের ঘটনায় সবসময়ই মেয়েদেরকেই দোষী করা হয় বলেও মন্তব্য করেন এ অভিনেত্রী। তিনি বলেন, “আমি জানি এ কথাগুলো বলার জন্য আমাকে নিয়ে সবাই নানা কথা বলবে। কিন্তু শেষ অব্দি আসল সত্যিটা কী, সেটা কেউই খুঁজে দেখবে না।”
সম্পর্কের টানাপোড়েন নিয়ে বরাবরই সবর কঙ্গনার এ মন্তব্যের জবাবে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি হৃত্বিকের তরফ থেকে।
