২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কবি সম্মেলনে ৬ বিদেশিকে সম্মাননা

চার দেশের ছয় জন কবিকে সম্মাননা জানানো হয়েছে ঢাকা আন্তর্জাতিক কবি সম্মেলনে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2017, 12:23 AM

Updated : 11 Apr 2022, 10:56 PM

তারা হলেন- অস্ট্রিয়ার মেনফ্রেড কোবো, জার্মানির ইওনা বুরঘার্ট ও টোবিয়াস বুরঘার্ট, রাশিয়ার ভিক্টর পোগাদাইভ, পুয়ের্তো রিকোর লুস মারিয়া লোপেজ ও মারিয়া ডি লো এনজেলেজ কামাচি রিভা।

শুক্রবার বিকালে শিল্পকলা একাডেমিতে সম্মেলনের উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

বাংলাদেশের কবিতা উদ্যোগ ‘কথক’ আয়োজনে কবি সম্মেলনে আসাদ চৌধুরী, হায়াৎ সাইফ, মুহম্মদ নূরুল হুদা, হাবীবুল্লাহ সিরাজী, জাহিদুল হক ও সম্মেলনের আহ্বায়ক আমিনুর রহমান উপস্থিত ছিলেন।ৎ

অনুষ্ঠানে ‘বিশ্ব সেরা সমকালীন ছয় কবির কবিতা’, ‘হান্ড্রেড পোয়েমস অব বাংলাদেশ’, ‘মেনফ্রে কোবোর কবিতা’, ‘গোধূলী লগন’ ও ‘সামিট অ্যান্থলজি’সহ সাতটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে শেষ পর্বে ছিল বিদেশি কবিদের স্বরচিত আবৃত্তি।

ছায়ানটে লোকসঙ্গীতের আসর

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তন শেকড়-সন্ধানী মাটির গানে অনুষ্ঠিত হলো ছায়ানটের বার্ষিক লোকসঙ্গীতানুষ্ঠান।

সান্ধ্যকালীন সঙ্গীত আসরটি উৎসর্গ করা হয় গীতিকবি আবদুল গফুর হালীকে। পরিবেশিত হয় ওসমান খান, কছিম উদ্দীন, মমতাজ আলী খান ও রশীদ উদ্দীন- চার লোককবির রচিত গান। 

আবৃত্তি আসর

জাতীয় কবিতা পরিষদ আয়োজিত জাতীয় কবিতা উৎসবে অংশ নিতে এসেছেন কলকাতার আবৃত্তি শিল্পী স্বপ্না দে।

শুক্রবার তাকে কেন্দ্র করে রাজধানীর পরিবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আবৃত্তি আসরের আয়োজন করে আবৃত্তি সংগঠন শ্রুতিঘর।

স্বপ্না দে ছাড়াও আবৃত্তি পরিবেশ করেন শ্রুতিঘরের বাকশিল্পী রেজাউন কবীর, সিনথিয়া তনু ও সৌরভ। আমন্ত্রিত কবিদের মধ্যে ছিলেন ঝর্ণা সরকার, মাহফুজ মাসুম, তামান্না তিথি, অনন্যা লাবনী ও তামান্না সারওয়ার।

আলোচনায় অংশ নেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ।