ঢাকায় ‘রেসিডেন্ট ইভল : দ্য ফাইনাল চ্যাপ্টার’
শুক্রবার ঢাকার বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘রেসিডেন্ট ইভল’ সিরিজের শেষ কিস্তি ‘রেসিডেন্ট ইভল : দ্য ফাইনাল চ্যাপ্টার’।
জাপানি ভিডিও গেম প্রোডাকশন হাউস ক্যাপকমের জনপ্রিয় ভিডিও গেম সিরিজ ‘রেসিডেন্ট ইভল’ অবলম্বনে ১৫ বছর আগে এই সিরিজ শুরু হয় হলিউডে। ২০০২ সালে মুক্তি পায় সিরিজের প্রথম কিস্তি। মানব সম্প্রদায়কে রক্ষার এক কঠিন মিশনে অ্যালিস চরিত্রে অভিনয় করা মিলা জোভোভিচের একক সংগ্রামই সিনেমার মূল গল্প। ২০১২ সাল পর্যন্ত এই সিরিজের একে একে পাঁচটি সিনেমা ব্যবসা সফল হয়েছে। এবার আসছে এই সিরিজের শেষ কিস্তি।
বৈজ্ঞানিক কল্পকাহিনি ভিত্তিক অ্যাকশন হরর এই সিনেমার গল্প, চিত্রনাট্য রচনা এবং পরিচালনা করেছেন প্রথম এবং পঞ্চম পর্বের পরিচালক পল ডবিউ এস অ্যান্ডারসন। সিরিজের প্রতিটি কিস্তিতে অ্যালিস চরিত্রে অভিনয় করেছেন মিলা জোভোভিচ। এবারও তার ব্যতিক্রম হয়নি।
অন্যদিকে পুরনো কিস্তিগুলোর অন্য তারকাদের মধ্যে আলি লার্টার, আয়ান গ্লেন ও মিলার দ্বিতীয় স্বামী শন রবার্টস ‘রেসিডেন্ট এভিল : দ্য ফাইনাল চ্যাপ্টার’-এ ফিরেছেন। এর মধ্যে অভিনেত্রী আলি লার্টার ২০১০ সালের ছবি ‘রেসিডেন্ট এভিল : আফটার লাইফ’-এর পর আবার ক্লেয়ার রেডফিল্ড চরিত্রে অভিনয় করেছেন।
এবারের কিস্তিতে দেখা যাবে, অ্যাপোক্যালিপসদের মধ্যে বেঁচে থাকা শেষ কয়েকজনের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিয়েছে আমব্রেলা করপোরেশন। মৃত কিন্তু জীবিত আত্মার দৌরাত্ম্যে মানবতা টিকিয়ে রাখার শেষ আশা অ্যালিস। তাই সে বন্ধুদের নিয়ে ফিরে যায় র্যাকুন সিটিতে। যেখান থেকে শুরু হয়েছিল এই মরনখেলা। এদিকে আমব্রেলা করপোরেশন এলিসের অতিলৌকিক ক্ষমতা শেষ করে দেওয়ার চেষ্টায় লিপ্ত হয়। তারা কিছুটা সফলও হয় বটে। যার ফলে অ্যালিসের জন্য মিশনটি বেশ কঠিন হয়ে পড়ে।
গেম সিরিজ নিয়ে নির্মিত মুভি সিরিজের মধ্যে সবচেয়ে ব্যবসাসফল সিরিজ ‘রেসিডেন্ট ইভল’। এই সিরিজের মোট ছয়টি সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে ২৫ কোটি ডলার। আর আয় হয়েছে এ পর্যন্ত সাড়ে ৯১ কোটি ডলারেরও বেশি। আশা করা হচ্ছে শেষ কিস্তিতেও বাজিমাত করবে সিনেমাটি।
