মুক্তি পেল ‘ভয়ংকর সুন্দর’ ট্রেইলার
গল্পটা আঁচ করার জো নেই। কিন্তু ট্রেলার এমনভাবে সাজানো হয়েছে যা পুরো সিনেমা দেখার আগ্রহ জাগাবে নিশ্চিতভাবেই। মুক্তি পেলো অনিমেষ আইচ পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র ‘ভয়ংকর সুন্দর’-এর ট্রেইলার।
‘জিরো ডিগ্রি’র পর যারা অনিমেষ আইচের নির্মাণে আরও সিনেমা দেখতে আগ্রহী হয়েছেন তাদের জন্য দুইমিনিটের একটি রহস্যঘেরা আমন্ত্রণ জানালেন এ নির্মাতা।
শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তার দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভয়ংকর সুন্দর’। মতি নন্দী’র ‘জলের ঘূর্ণি ও বকবক’ গল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটির টানটান উত্তেজনার ট্রেইলার প্রকাশিত হল বুধবার। চলচ্চিত্রটিতে বাংলাদেশের পর্দায় অভিষেক ঘটছে কলকাতার নন্দিত অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের। তার বিপরীতে ছোটপর্দার অভিনেত্রী আশনা হাবীব ভাবনারও অভিষেক ঘটছে চলচ্চিত্রটির মাধ্যমে।
দু’জনেরই প্রাণবন্ত অভিনয় চোখে পড়লো ট্রেলারটিতে। মুহূর্মুহূ দৃশ্যবদলে ঘটনাবহুল এক ট্রেইলারে অনিমেষ যেন ‘জিরো ডিগ্রি’র পর নতুন চমক নিয়ে এলেন।
ট্রেইলার মুক্তির পর প্রশংসাতেও ভাসছেন এ নির্মাতা। তাকে শুভেচ্ছা জানিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, অমিতাভ রেজা, আকরাম খান সহ আরও অনেকেই।
সম্প্রতি সেন্সর পেরিয়ে এসেছে চলচ্চিত্রটি। অচিরেই মুক্তির তারিখ ঘোষণা হবে বলে জানিয়েছেন নির্মাতা অনিমেষ আইচ। তার আগে পর্যন্ত ট্রেইলারেই স্বাদ মেটাতে হবে আগ্রহী দর্শকদের।
