এবার ‘পদ্মাবতী’র নাম পরিবর্তন চায় করনি সেনা
জয়পুরে নির্মাতা সঞ্জয় লীলা বনসালিকে লাঞ্ছিত ও তার শুটিং সেটে ভাংচুর চালানোর পর এবার ‘পদ্মাবতী’র নামের পরিবর্তন চায় হিন্দুত্ববাদী সংগঠন শ্রী রাজপুত করনি সেনা।
এনডিটিভি বলছে, নাম পরিবর্তনের পাশাপাশি নতুন করে শুটিং শুরুর আগে সিনেমাটির চিত্রনাট্য অবশ্যই করনি সেনা কর্তৃক অনুমোদিত করিয়ে নিতে হবে নির্মাতাদের- এমনও দাবি করেছে দলটি।
দলটি দাবি করছে, ‘পদ্মাবতী’তে রাজপুত রানী পদ্মীনি এবং মুসলিম শাসক আলাউদ্দিন খিলজির প্রেম দেখানো হয়েছে, যা ইতিহাসকে বিকৃত করে। দলটির প্রধান নারায়ণ সিং দাবি করেন, এব্যাপারে অনেক আগে থেকেই বনসালিকে ‘সতর্ক’ করে আসছিলেন তারা।
শুক্রবার জয়পুরে ‘পদ্মাবতী’র শুটিং সেটে হামলা করে ব্যাপক ভাংচুর চালায় করনি সেনার নেতা-কর্মীরা। এসময় ভীড়ের মধ্য থেকে কেউ একজন বনসালির চুল ধরে টানে ও তাকে চড় দেয়। এই ঘটনার পরপরই জয়পুরে আর কখনও সিনেমার শুটিং করবেন না বলে ঘোষণা দেন বনসালি।
বনসালি সেইসময় দলটিকে জানিয়েছিলেন পদ্মীনি এবং আলাউদ্দিন খিলজির ভেতরে কোনো প্রেমের দৃশ্য সিনেমাটিতে দেখানো হবে না। সিনেমার প্রধাণ অভিনয়শিল্পী দীপিকা পাড়ুকোনও টুইটারে লিখেন, “আমি নিশ্চিত করছি সিনেমাটির কোথাও কোনো ইতিহাস বিকৃতির অংশ নেই।”
নির্মাতা এবং কলাকুশলীদের এই আশ্বাস সত্ত্বেও নাম পরিবর্তনের দাবি এলো করনি সেনার তরফ থেকে।
অবশ্য হিন্দুত্ববাদী দলগুলোর তোপের মুখে সঞ্জয় লীলা বনসালি পড়েছেন এর আগেও। হিন্দু দেবতা রাম-এর সঙ্গে নাম মিলে যাওয়ায় ২০১৩ সালের সিনেমা ‘রাম-লীলা’র নাম বদলে ‘গোলিও কি রাসলীলা : রাম-লীলা’ রাখতে হয়েছিল তাদের।
