গানের অ্যালবাম নিয়ে এলেন আর্শিনা প্রিয়া
মডেল, কোরিওগ্রাফার এবং অভিনেত্রী তিনি, এবার তার পাশে যোগ হলো সংগীতশিল্পীর পরিচয়টাও। প্রকাশিত হল আর্শিনা প্রিয়ার প্রথম একক অ্যালবাম ‘এপি’। গতকাল রাজধানীর একটি রেঁস্তোরায় অ্যালবামটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওস্তাদ সঞ্জীব দে, বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্র প্রযোজক ফরমান আলী, জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন, বিনোদন বিচিত্রার সম্প্রাদক দেওয়ান হাবিবুর রহমান ও সংগীত পরিচালক মুশফিক লিটু।
নিজের প্রথম অ্যালবাম প্রকাশের উচ্ছ্বাস জানিয়ে প্রিয়া বলেন, “আমি বেশিরভাগ সময় দেশের বাইরে থাকি। মিডিয়ার প্রতি ভালবাসার কারণে মাঝে মাঝে দেশে আসা হয়। এ সময় চেষ্টা করি দর্শকদের জন্য কিছু উপহার দেওয়ার। সেই প্রয়াস থেকেই এবার আমার নতুন গানের অ্যালবাম। এপির টাইটেল গানের মিউজিক ভিডিও প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। ভালো মানের একটি মিউজিক ভিডিও দর্শকদের উপহার দিতে পারব বলে আশা করছি।”
অ্যালবামে গানগুলো লিখেছেন রবিউল ইসলাম জীবন, জিয়াউদ্দিন আলম ও মেহেদী হাসান লিমন। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন মুশফিক লিটু, পংকজ, আহমেদ হুমায়ন, প্রতীক হাসান ও শান। অ্যালবামে বেলাল খানের সঙ্গে একটি দ্বৈত গানেও কণ্ঠ দিয়েছেন প্রিয়া।
আসছে ভালোবাসা দিবসে জিপি মিউজিকে ডিজিটালি প্রকাশিত হবে এ অ্যালবাম। এছাড়া এদিন একই সঙ্গে প্রকাশিত হবে অ্যালবামের একটি গানের মিউজিক ভিডিওর।
