‘রইস’ না ‘কাবিল’, অমিতাভের পছন্দ কোনটি?
বক্স-অফিসে দারুণ লড়াই চলছে শাহরুখ খান অভিনীত ‘রইস’ এবং হৃতিক রোশন অভিনীত ‘কাবিল’-এর মধ্যে। কিন্তু অমিতাভ বচ্চন-এর মনে ধরেছে কোনটি?
দুটি সিনেমাই দেখেছেন বিগ বি। টুইটারে জানিয়েছেন নিজের মতামতও।
শাহরুখ-এর উদ্দেশ্যে তিনি লিখেন, “অভিনন্দন শাহরুখ! ‘রইসে’ তোমার ক্রোধ অনেক ভালো লেগেছে।”
শাহরুখও তড়িৎ জবাব দেন এই প্রশংসার। তিনি লিখেন, “আপনার কাছ থেকেই শিখেছি, স্যার!”
অমিতাভ বচ্চনকে বলা হতো সত্তরের দশকের ‘অ্যংরি ইয়াং ম্যান’। শাহরুখ যে সেই উপাধির প্রতিই ইঙ্গিত করেছেন, তা বোঝা যায় সহজেই।
ওদিকে, হৃতিকের সিনেমা নিয়েও লিখতে ভোলেননি অমিতাভ।
‘কাবিল’ নিয়ে তার টুইট, “সবচেয়ে বিশ্বাসযোগ্য সিনেমা। সাহসী, দারুণ সব পার্ফর্ম্যান্স, এবং সঞ্জয় গুপ্ত সবকিছু সুনিপুণ ভাবে তুলে ধরেছেন।”
হৃতিক অমিতাভের এই প্রশংসায় আনন্দে আটখানা। তিনি জবাব দেন, “অমিত আঙ্কেল, এই আনন্দ বলে বোঝাতে পারবো না। অনেক ধন্যবাদ আমাদেরকে উৎসাহিত করার জন্য।”
অমিতাভ বচ্চন দুই সিনেমাকেই প্রশংসা করলেও বক্স অফিসের লাভের হিসাবে ‘রইস’-এর পাল্লা ‘কাবিল’-এর চেয়ে অনেক ভারি। এরইমধ্যে শত কোটি আয়ের পথে এগিয়ে চলেছে রাহুল ঢোলাকিয়া নির্মিত এই সিনেমা। ওদিকে আয়ের হিসেবে পিছিয়ে থাকা ‘কাবিল’ নতুন ঝামেলায় পড়েছে পাইরেসির শিকার হওয়ায়।
