মাহির জন্য নতুন নায়ক ভাবছেন শাওন
মেহের আফরোজ শাওনের পরিচালনায় নির্মিত হতে যাচ্ছে নতুন চলচ্চিত্র ‘নক্ষত্রের রাত’। চলচ্চিত্রটিতে মাহিয়া মাহির বিপরীতে নবাগত বাঁধনের পাশাপাশি দেখা যাবে ঢাকাই ছবির প্রথম সারির এক নায়ককে।
তথ্যটি গ্লিটজকে নিশ্চিত করেছেন শাওন নিজেই।
‘কৃষ্ণপক্ষ’-র পর ফের প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গল্প নিয়ে মেহের আফরোজ শাওন নির্মাণ করতে যাচ্ছেন তার নতুন চলচ্চিত্র ‘নক্ষত্রের রাত’। ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রের মতোই এ সিনেমাতেও নায়িকা হিসেবে শাওন বেছে নিয়েছেন মাহিয়া মাহিকেই। ঘটা করে জানিয়েছিলেন সিনেমায় মাহির বিপরীতে অভিনয় করবেন নবাগত বাঁধন, যিনি ‘ফেয়ার অ্যান্ড লাভলী ম্যান-চ্যানেল আই হিরো’ ২০১৬-র প্রতিযোগিতার বিজয়ী।
বর্তমানে পুরোদমে চলছে চলচ্চিত্রটির চিত্রনাট্য লেখা ও সম্পাদনার কাজ। পাশাপাশি কাস্টিংয়ের কাজও এগোচ্ছে । তারই ধারাবাহিকতায় ইতিমধ্যেই চলচ্চিত্রটিতে চুক্তিবদ্ধ হয়েছেন মিশা সওদাগর। পুরোপুরি বাণিজ্যিক ঘরানার অভিনয়শিল্পীদের নিয়েই বড়পর্দায় এগুচ্ছেন শাওন, তা বলাই যায়।
কিন্তু গোপনে যে মাহির বিপরীতে ঢালিউডের আরেক নায়ককে ভাবছেন তিনি, তা কে জানতো?
শনিবার শাওনের এক ঘণিষ্ঠসূত্র হতে জানা যায়, চলচ্চিত্রটিতে মাহির বিপরীতে যুক্ত হতে যাচ্ছেন দেশের প্রথম সারির এক নায়ক। সে লক্ষ্যে নতুন করে চিত্রনাট্য সাজানো হচ্ছে চলচ্চিত্রটির। তবে নায়ক হিসেবে বাঁধনের চরিত্রের গুরুত্ব একটুও কমছে না এতে। জানা যায়, দু্ই নায়কের চরিত্রই সমানভাবে সাজানো হয়েছে চিত্রনাট্যে।
রোববার বিষয়টি নিশ্চিত গ্লিটজকে করলেন নির্মাতা শাওনও। তবে জনসম্মুখে এখনই নাম প্রকাশ করতে চান না তিনি। কিন্তু কেন?
“দেখুন, যাকে ভাবা হচ্ছে তার সঙ্গে এখনও আনুষ্ঠানিকভাবে বসা হয়নি। তিনি এখনও চিত্রনাট্যও দেখেন নি। প্রাথমিক আলাপ হয়েছে শুধু। তাই এখনই নামটি প্রকাশ করতে চাই না।”
চলচ্চিত্রটিতে মাহির চরিত্রটির নাম রেবেকা। অন্যদিকে পাশা নামের চরিত্রে দেখা যাবে নবাগত বাঁধনকে। সিনেমার দৃশ্যধারনের কাজ কবে নাগাদ শুরু হবে সে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলে জানালেন শাওন।
এর আগে শাওনের পরিচালনায় ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রটিতে মাহির বিপরীতে অভিনয় করেছিলেন চিত্রনায়ক রিয়াজ।
