২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মামুনের ‘ময়না’ মাহি!

আসছে ঈদুল ফিতরে ঢাকাই সিনেমাপ্রেমীদেরকে নতুন সিনেমা উপহার দিতে যাচ্ছেন নির্মাতা অনন্য মামুন। সিনেমার নাম ‘ময়না’। সিনেমার নায়িকা হে হচ্ছেন এই দিনে সারাদিন অনেক গুঞ্জন রটলেও অবশেষে জানা গেল, তিনি হলেন মাহিয়া মাহি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2017, 07:18 PM

Updated : 11 Apr 2022, 10:54 PM

গ্লিটজকে মামুন বলেন, “ আসছে রোজার ঈদে ঢাকাই সিনেমাপ্রেমীরা আমার নতুন সিনেমা ‘ময়না’ উপহার পেতে যাচ্ছেন। সিনেমায় নায়িকার চরিত্রে অভিনয় করছেন মাহিয়া মাহি। আজ বিকেলে তার সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। রোমান্টিক-কমেডি ঘরানার কাহিনির সিনেমাটির চিত্রনাট্যের কাজ এরইমধ্যে সম্পন্ন হয়েছে। তবে চিত্রনাট্য কার লেখা ও সিনেমার নায়ক কে, তা এই মূর্হূতেই জানাতে চাইছি না।”

তিনি আরো বলেন, “সিনেমাটি সর্ম্পূণ দেশীয় প্রযোজনায় নির্মিত হচ্ছে। এটা যৌথ প্রযোজনার সিনেমা নয়। আমরা দেশীয় প্রযোজনায় নির্মিত সিনেমা দিয়ে এবারের ঈদে প্রতিযোগিতায় নামতে চাই।”

গুঞ্জন রটেছে ‘ময়না’ সিনেমাতে মাহিয়া মাহির বিপরীতে থাকবেন

টালিগঞ্জের নায়ক দেব অথবা জিত। এ বিষয়ে জানতে চাওয়া হলে বেশ কৌশলী উত্তর দিলেন মামুন।

তিনি বলেন, “এই সিনেমায় নায়কের ক্ষেত্রে জিৎ নাকি দেব নাকি অন্য কেউ থাকছেন তা সময় হলেই সবাই দেখতে পাবেন। তবে এই সিনেমায় মাহির বিপরীতে টালিগঞ্জের এ গ্রেডের একজন নায়ক থাকছেন এটা নিশ্চিত।”

‘ময়না’ সিনেমাটি নির্মাণ করছেন প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া।

সবকিছু ঠিক থাকলে মার্চ মাস থেকেই শুরু হবে ‘ময়না’ সিনেমার দৃশ্যধারনের কাজ। সিনেমার দৃশ্যধারনের কাজ বাংলাদেশের বিভিন্ন লোকেশনে হলেও গল্পের প্রয়োজনে সিনেমার গানের দৃশ্যধারনের কাজ দেশের বাইরে করা হতে পারে। তবে এই সিনেমায় কোনো আইটেম গান থাকছেনা বলে গ্লিটজকে নিশ্চিত করেছেন মামুন।