২৫ বছরের তরুণের চরিত্র করতেই থাকবো : শাহরুখ
বয়স তো কম হলো না, ‘লাভার বয়’ শাহরুখ খান পৌঁছে গিয়েছেন বার্ধক্যের অনেকটাই কাছাকাছি। তবুও এখনো সেই পুরনো দিনের মতো অপেক্ষাকৃত ‘তরুণ’ চরিত্র করে যাচ্ছেন হরহামেশাই। এবার শাহরুখ বলছেন, ভবিষ্যতেও এরকম চরিত্রে অভিনয় চালিয়ে যেতে চান।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে কিং খান বলেছেন, তিনি নিজেকে ‘বুড়ো’ ভাবেন না, “আপনি এটাকে খবরের শিরোনাম করতে পারেন। আমি ‘নির্লজ্জভাবে’ বলতে চাই, ভবিষ্যতেও ২৫ বছরের তরুণের চরিত্রে কাজ করতে চাই। দাড়ি রাখলেই কেউ বুড়ো হয়ে যায় না!”
কিং খান ‘রইস’ এবং ইমতিয়াজ আলির পরবর্তী সিনেমাতেও দাড়ি রেখেছেন। অনেকেই ভাবছেন, বয়সের কারণের জন্য এরকমটাই করা উচিত খান সাহেবের। তবে শাহরুখের মতে, দাড়ি রাখাটা বয়সের প্রতীক না।
“দাড়ি রাখলেই কেউ বুড়ো হয়ে যায় না! শুধু সিনেমার জন্যই এরকমটা করছি। ক্লিন শেভের দরকার হলে সেটাও করবো।”
একই ধরণের রোমান্টিক হিরোর চরিত্রে দীর্ঘদিন ধরে অভিনয়ে অভ্যস্ত শাহরুখকে তার গত তিনটি সিনেমায় দেখা গেছে তিনটি ভিন্ন রূপে। ‘ফ্যান’-এ অভিনয় করেছেন দ্বৈত চরিত্রে, ‘ডিয়ার জিন্দেগি’তে ছিলেন এক মনোবিদ আর ‘রইস’-এ তাকে দেখা গেছে মদ ব্যবসায়ী এক গ্যাংস্টারের চরিত্রে।
নিজেকে কি তবে ভাঙার চেষ্টা করছেন এতোদিনে?
শাহরুখ খান না বললেন এমন প্রশ্নের উত্তরেও, “এটা আসলে কাকতালীয় একটা ব্যাপার যে তিনটি সিনেমাই পরপর মুক্তি পেয়েছে। আমি কখনও নিজের আসল পরিচয় থেকে সরে আসিনি। আর এরকম সিনেমা আমি আগেও করেছি। তবে সময়টা কাছাকাছি হওয়ায় লোকে বলছে, ‘ওহ তাহলে শাহরুখ এখন এটা করছে’!”
তিনি আরও বলেন, “আমি আসলে এখানে অনেকদিন থেকে আছি। লোকে তাই ভুলে গেছে, আমি ‘বাজিগর’, ‘ডর’, ‘অশোকা’, ‘পহেলি’, ‘মাই নেম ইজ খান’, ‘স্বদেশ’-এর মতো সিনেমায় অভিনয় করেছি।”
