২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বনসালির উপর হামলার প্রতিবাদে নাম থেকে ‘রাজপুত’ সরালেন সুশান্ত

জয়পুরে ‘পদ্মাবতী’ সিনেমার সেটে উগ্রবাদীদের হামলায় শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছিলেন সঞ্জয় লীলা বনসালি। ওই ঘটনার পর থেকেই পুরো বলিউডে নিন্দার ঝড় বইছে। এবার বানসালির উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2017, 05:52 PM

Updated : 11 Apr 2022, 10:54 PM

ইতিহাস বিকৃতির অভিযোগ এনে রাজপুত ঘরানার শ্রী রাজপুত করনি সেনা নামক উগ্রবাদী এক সংগঠন পদ্মাবতীর সেট ভাংচুর করার পাশাপাশি বনসালির গায়ে হাতও তোলে। নিজেও রাজপুত হওয়ায় সুশান্ত এই ঘটনায় মর্মাহত, “নিজেদের উপাধি নিয়ে অতিরিক্ত গৌরব করলে আমাদেরই ক্ষতি। যদি তারা এতোটাই সাহসী হয় তাহলে নিজেদের পরিচয় দিক!”

ক্ষুব্ধ সুশান্ত টুইটারে নিজের নামের শেষ অংশ মুছে ফেলেন প্রতিবাদ হিসেবে। সুশান্ত সিং রাজপুত-এর বদলে তার নাম এখন টুইটারে কেবলই ‘সুশান্ত’।

সুশান্ত আরও বলেন, “মানুষ তার অতীতের ইতিহাসকে নিজেদের ভবিষ্যতে নিয়ে যেতে চায়। তবে এটা সবাই ভুলে যায় যে, একদিন সবাই তাদের ভুলে যাবে।”

এদিকে ওই ঘটনার পর রাজস্থানে পদ্মাবতীর শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বনসালি।

পরে এবিষয়ে তিনি বলেন, “আমরা এটা নিশ্চিত করতে চাই যে আলাউদ্দিন খিলজি ও রানী পদ্মাবতীর মাঝে কোনো ঘনিষ্ঠ দৃশ্য নেই। আমরা ইতিহাস পর্যালোচনা করেই সিনেমাটি বানাচ্ছি। আমাদের উপর হওয়া হামলায় খুবই হতবাক হয়ে গিয়েছি। জয়পুরের পুলিশের প্রতি আমরা কৃতজ্ঞ সঠিক সময়ে পদক্ষেপ নেওয়ার জন্য। আমরা আবারো বলতে চাই, এই সিনেমার মাধ্যমে কারো অনুভূতিতে আঘাত দেওয়ার ইচ্ছে আমাদের নেই।”