২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন জন হার্ট

ব্রিটিশ অভিনেতা স্যার জন হার্ট আর নেই। দীর্ঘদিন ধরেই প্যানক্রিয়াসের ক্যানসারের বিরূদ্ধে লড়াই করছিলেন এই ‘দ্য এলিফেন্ট ম্যান’ তারকা। ৭৭ বছর বয়সে শনিবার মারা যান তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2017, 03:03 PM

Updated : 19 Aug 2022, 03:35 PM

রয়টার্সকে হার্ট-এর মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে তার লস এঞ্জেলসের ম্যানেজার জন ক্রসবির ব্রিটিশ মুখপাত্র চার্লস ম্যাকডনাল্ড। বিবিসি তার মৃত্যুসংবাদ প্রকাশ করে হার্ট-এর মুখপাত্রের বরাত দিয়ে। তার মৃত্যু সম্পর্কে বিস্তারিত এখনও জানা যায়নি।

প্রায় ছয় দশক ধরে দুইশ’রও বেশি সিনেমায় অভিনয় করে এসেছেন স্যার জন হার্ট। পেয়েছেন বাফটা, গোল্ডেন গ্লোবসহ অনেত পুরস্কার।

হার্ট প্রথমবার অস্কার মনোনয়ন পান ১৯৭৮ সালের সিনেমা ‘মিডনাইট এক্সপ্রেস’-এর জন্য। এখানে তিনি অভিনয় করেছিলেন ম্যাক্স নামের এক হেরোইন-আসক্তের চরিত্রে যে জেলে থাকা অবস্থায় এক মাদক-পাচারকারীর সঙ্গে বন্ধুত্ব করে।

তবে হার্ট সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছেন ১৯৮০ সালের সিনেমা ‘দ্য এলিফ্যান্ট ম্যান’-এর জন্য, যেখানে তিনি অভিনয় করেন বিকলাঙ্গ জন মেরিক-এর চরিত্রে; যার বিকৃত চেহারার জন্য ১৯ শতকের লন্ডনে সবাই ভয় করে চলতো। এই সিনেমা তাকে সেবারের অস্কারে সেরা অভিনেতার অস্কার মনোনয়ন এনে দেয়।

এছাড়াও ‘এলিয়েন’, ‘হ্যারি পটার সিরিজ’ সহ অনেকগুলি জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। তাকে সর্বশেষ দেখা গেছে ২০১৬ সালের সিনেমা ‘জ্যাকি’তে।

ভ্যারাইটি ম্যাগাজিন জানায়, ২০১৫ সালে এক সাক্ষাতকারে প্যানক্রিয়াসের ক্যান্সারে ভুগছিলেন বলে জানান এ অভিনেতা। এরপর শারীরিক অসুস্থতার জন্য ২০১৬ সালে কাজ করা কমিয়ে দিয়েছিলেন তিনি।

তার মৃত্যুকে শোকাহত মার্কিন নির্মাতা এবং অভিনেতা মেল ব্রুকস টুইট পোস্টে লিখেছেন, “জন হার্ট ছিলেন একজন যাদুকরী অভিনেতা। তার মৃত্যুরে খবর শুনে খুব খারাপ লাগছে।”

এছাড়া এ তারকার মৃত্যুতে শোকবার্তা জানিয়েছে ‘লর্ড অব দ্য রিংস’ তারকা এলাইজা উড, ব্রিটিশ অভিনেতা আলফ্রেড মলিনা সহ আরও অনেকেই।