২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ‘দ্য গ্রেট ওয়াল’!

বাংলাদেশে মুক্তি পেলো ঝ্যাং ইমু নির্মিত সিনেমা ‘দ্য গ্রেট ওয়াল’। চীন ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি যুক্তরাষ্ট্রে মুক্তির আগেই শুক্রবার বাংলাদেশে মুক্তি পেলো। 

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2017, 08:04 PM

Updated : 11 Apr 2022, 10:53 PM

চীনের কথা বললেই চলে আসে ‘দ্য গ্রেট ওয়াল’। শুধু চীনের ইতিহাস নয়, মানুষনির্মিত বিশ্বের সবচেয়ে বড় স্থাপনা এটি। এমনও কথিত আছে, চাঁদ থেকেও নাকি চীনের মহাপ্রাচীর দেখা যায়! বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম এটি। বিশ্ব ঐতিহ্যের অংশ হওয়ার পাশাপাশি এটি চীনের জাতীয় প্রতীকও বটে।

প্রায় সাড়ে পাঁচ হাজার মাইল দৈর্ঘ্যের এই বিশাল নির্মাণযজ্ঞ শেষ হতে লেগেছিলো প্রায় ১৭০০ বছর। পুরো বিশ্বের কাছে যা এখনও এক বড় রহস্য। সেই অজানা রহস্যের জাল ভেদ করতে এবার চীন-যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে ‘দ্য গ্রেট ওয়াল’।

‘দ্য গ্রেট ওয়াল’ সিনেমার অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন হলিউড অভিনেতা ম্যাট ডেমন। তবে হাজার বছর আগের চীনা ইতিহাসের পটভূমি নিয়ে নির্মিত সিনেমায় একজন মার্কিন অভিনেতা অভিনয় করায় এরই মধ্যে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। সিনেমায় অন্যান্যদের মধ্যে আরও অভিনয় করেছেন জিং তিয়ান, পেড্রো প্যাসকাল, উইলেম ড্যাফো, অ্যান্ডি লাউ প্রমুখ।

লেজেন্ডারি ইস্টের প্রযোজনায় এবং ইউনিভার্সাল পিকচার্সের পরিবেশনায় প্রায় ১৫ কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মিত হয়েছে ১ ঘন্টা ৪৪ মিনিটের এই সিনেমাটি।

চীনের ঐতিহাসিক মহাপ্রাচীর নিয়ে নির্মিত এই সিনেমাটি যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে ১৭ ফেব্রুয়ারি। এরইমধ্যে সিনেমাটিকে ঘিরে দর্শকের মাঝে বেশ আগ্রহ তৈরি হয়েছে।