এক অ্যালবামে ‘আবার দুজনে’
বাংলা গানের কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন ও তার কন্যা বাঁধনের দ্বৈত অ্যালবাম ‘আবার দু’জনে’ প্রকাশিত হয়েছে অনলাইনে। এর আগে ২০০৬ সালে মেয়ের সঙ্গীতজীবনের অভিষেক অ্যালবাম ‘প্রতিচ্ছবি’-তে গেয়েছিলেন সাবিনা ইয়াসমিন।
সিডি ভিসনের ব্যানারে ইউটিউব চ্যানেল স্টুডিও এমসি মিউজিক স্টেশনে প্রকাশ পেয়েছে গানগুলো। ছোটবেলা থেকেই গানের আবহে বেড়ে উঠেছেন বাঁধন। নিয়মিত স্টেজ পারফর্ম, টেলিভিশনেও গান করছেন বাঁধন।। এ পর্যন্ত বেরিয়েছে তার চারটি অ্যালবাম। ১৯ জানুয়ারি নতুন অ্যালবামটি প্রকাশিত হল অনলাইনে।
বাধঁনের অভিষেকটা হয়েছিলো তার মায়ের সঙ্গেই। প্রথম অ্যালবামে মায়ের সঙ্গে ৪টা ডুয়েট, ৪টা একক গান করেন তিনি। ফাহিম মিউজিক থেকে ‘ফাল্গুনী হাওয়ায়’ শিরোনামের অ্যালবামটি প্রকাশিত হয় ২০০৯ সালে। ছোটবেলা থেকেই ক্লাসিক্যাল শিখেছেন বাঁধন। ২০১১ সালে শেখ সাদী খানের কম্পোজিশানে রীনাত ফৌজিয়ার সঙ্গে প্রকাশিত হয় তার রাগাশ্রয়ী অ্যালবাম ‘রাগ অনুরাগ’।
বাঁধন বললেন, “অ্যালবাম প্রকাশের পর থেকেই খুব সাড়া পাচ্ছি, সবাই খুব প্রশংসা করছে। মা সবসময় বলে এসেছেন চর্চার মধ্যে থাকতে। ভালো গান করলেই মানুষ মনে রাখবে। সে চেষ্টাই করছি। অ্যালবামটিও সে ধারাবাহিকতায় এলো। আশা করছি গানগুলো ভালো লাগবে সবার।”
বাঁধন জানান, অ্যালবামের একটি গানের মিউজিক ভিডিওতেও অংশ নিয়েছেন তিনি। তিনি বলেন, “এখনতো সবাই ভিডিও দেখতে চায়, তাই অ্যালবামের ‘দখিন হাওয়া’ গানটির মিউজিক ভিডিও প্রকাশ করেছি। এতে আমি নিজেও অংশ নিয়েছি।”
এ অ্যালবামে গান রয়েছে মোট ১০টি। এতে সাবিনা ইয়াসমিন ও বাঁধন দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন তিনটি গানে। এর মধ্যে মা-মেয়ে দুজন মিলে ‘অনুরাগ’ চলচ্চিত্রের ‘কত ভালোলাগে এই দিন’ গানটি নতুন করে কণ্ঠে তুলেছেন। বাকি দুটি গানের শিরোনাম হলো ‘ইচ্ছে করে ছোট্টবেলায় আবার ফিরে যাই’ ও ‘এক চোখে সুর তোমার, অন্য চোখে কথা’। বাকি সাতটি গানে কণ্ঠ দিয়েছেন বাঁধন নিজেই।
গানগুলোর সুর-সংগীত করেছেন মাকসুদ জামিল মিন্টু, রাজেশ ঘোষ ও মন। কথা লিখেছেন প্রদীপ সাহা, জাহিদ আকবর সহ অনেকে। অ্যালবামে থাকা বাকি গানগুলোর শিরোনাম হলো ‘দক্ষিণা হাওয়া’, ‘কাটলো কতো রাত’, ‘কিছু কিছু ভুল’, ‘তুমি ছাড়া’, ‘পাকা কথা’, ‘যে কথা’ ও ‘হারিয়ে গেছে মন’।
