২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই সিনেমাতেও জমেনি বক্সঅফিস

শুক্রবার সারাদেশে মুক্তি পেয়েছে ‘তুখোড়’ ও ‘যে গল্পে ভালোবাসা নেই’ সিনেমাদুটো। সপ্তাহজুড়ে বক্সঅফিসে সিনেমাদুটোর ব্যবসার অঙ্ক কেমন ছিলো তা জানতে রাজধানীর বিভিন্ন প্রেক্ষাগৃহের ব্যবস্থাপকদের মুখোমুখি হয়েছিলো গ্লিটজ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2017, 06:05 PM

Updated : 11 Apr 2022, 10:53 PM

সারাদেশের ৬০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নির্মাতা মিজানুর রহমান লাবুর সিনেমা ‘তুখোড়’। সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন বাংলাদেশের নবাগত নায়ক শিবলী নওমান ও কলকাতার রাতশ্রী দত্ত। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মত ঢালিউডে অভিনয় করলেন রাতশ্রী।

প্রত্যাশা অনুযায়ী ‘তুখোড়’ সিনেমার ব্যবসা ভালো না হওয়ার চিত্রই তুলে ধরলেন রাজধানীর শ্যামলী সিনেপ্লেক্সের ব্যবস্থাপক আহসানুল্লাহ হাসান।

গ্লিটজকে তিনি বলেন, “প্রত্যাশা অনুয়ায়ী ব্যবসা হয়নি। টিকেট বিক্রি থেকে আয় খুবই খারাপ। আমাদের এই প্রেক্ষাগৃহে যারা নিয়মিত দর্শক তারা ছাড়াও অন্যান্য শ্রেণির দর্শকদের কাছ থেকেই আমরা প্রত্যাশা অনুযায়ী তেমন আশানুরুপ সাড়া পাই নি।”

তিনি আরও বলেন, “আমাদের প্রেক্ষাগৃহে সবসময় ভালোমানের যে কোনো সিনেমা প্রত্যাশিত দর্শক টানতে সক্ষম। যেমনি ‘ছুঁয়ে দিলে মন’, ‘আয়নাবাজি’ ও ‘শিকারি’ ইত্যাদি প্রতিটি সিনেমা আমাদের প্রেক্ষাগৃহে সকল শ্রেণির দর্শক টানতে সক্ষম হয়েছে। কিন্তু ‘তুখোড়’ সিনেমাটি কোনো শ্রেণির দর্শকদের টানতে পারে নি। তাছাড়া সিনেমার গল্প ও নির্মাণ দুটোই দর্শকদের হতাশ করেছে।”

তবে একেবারেই ভিন্ন চিত্র তুলে ধরলেন রাজধানীর রাজমনি প্রেক্ষাগৃহের ব্যবস্থাপক ওয়াহিদ।

গ্লিটজকে তিনি বলেন, “ ‘তুখোড়’ সিনেমার টিকেট বিক্রি থেকে আয় গড়পড়তা হয়েছে। বলতে গেলে মন্দের ভালো হয়েছে। আমাদের প্রেক্ষাগৃহে তরুণ প্রজন্ম থেকে মাঝ বয়সী এবং সকল শ্রেণির দর্শকরা সাধারনত সিনেমা দেখতে আসেন। সেই হিসেব করলে সকল শ্রেণির দর্শকদের উপস্থিতি এই সিনেমার ক্ষেত্রে ছিলো।”

‘তুখোড়’ সিনেমায় নওমান-রাতশ্রী জুটি ছাড়াও অভিনয় করেছেন আলীরাজ, বাপ্পারাজ, শিমুল খান, লাক্স চ্যানেল আই তারকা সামিহা খান প্রমুখ। সিনেমার গল্প লিখেছেন মাহমুদুল হক রাজীব। নির্মাণের পাশাপাশি সিনেমার চিত্রনাট্যর কাজটি করেছেন লাবু নিজেই।

সারাদেশে ৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রয়েল খানের সিনেমা ‘যে গল্পে ভালোবাসা নেই’। সিনেমায় ‍জুটি বেঁধে অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত ও নবাগত তানহা মৌমাছি।

‘যে গল্পে ভালোবাসা নেই’ সিনেমার গল্প ভালো হলেও আশানুরুপ ব্যবসা না করার কথাই শোনালেন রাজধানীর মধুমিতা প্রেক্ষাগৃহের ব্যবস্থাপক রেজাউল করিম।

গ্লিটজকে তিনি বলেন, “সিনেমার গল্প খুবই সুন্দর। কিন্তু অভিনয় শিল্পীরা নতুন হওয়ার কারণে প্রেক্ষাগৃহে প্রত্যাশিত দর্শকরা আসেন নি। মূলত সেই কারনেই টিকেট বিক্রির আয় প্রত্যাশা অনুযায়ী হয়নি।”

অনেকটা একই চিত্র ফুটে উঠেছে রাজধানীর সনি প্রেক্ষাগৃহের ব্যবস্থাপক সামাদের কথায়।

গ্লিটজকে তিনি বলেন, “আশানুরুপ ব্যবসা হয়নি। বছরের দুই ঈদের সময় ছাড়া অন্যান্য সময়ে যেমন ধরনের ব্যবসা সাধারনত হয়ে থাকে এই সিনেমার ক্ষেত্রেও ঠিক তেমনই হয়েছে।”

‘যে গল্পে ভালোবাসা নেই’ সিনেমায় সুমিত-তানহা জুটি ছাড়াও অভিনয় করেছেন দিতি, ফারুক মজুমদার, শিরিন বকুল, মিশা সওদাগর প্রমুখ। সিনেমার কাহিনি ও সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু এবং নির্মাণের পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন রয়েল নিজেই।