২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইরিনের ‘বাসরযাত্রা’

শহুরে চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত আইরিন আফরোজ এবার ‘বাসরযাত্রা’ নাটকে অভিনয় করলেন একটি গ্রামীন চরিত্রে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2017, 08:48 PM

Updated : 11 Apr 2022, 10:52 PM

খুব অল্প সময়েই বিজ্ঞাপন ও নাটকে অভিনয়ের মাধ্যমে বেশ পরিচিতি পেয়েছেন মডেল ও অভিনেত্রী আইরিন আফরোজ। অভিনয় ক্যারিয়্যারে ইতমধ্যে অনেকগুলো প্রেমের গল্পের নাটকে অভিনয় করলেও এই প্রথমবার নাকি ‘হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো’ ভালোবাসার গল্পের নাটকে অভিনয় করেছেন তিনি। বুধবার বিকেলে এমন কথাই শোনালেন আইরিন।

গ্লিটজকে তিনি বলেন, “জীবনে অনেক ভালোবাসার গল্পের নাটকে অভিনয় করেছি। কিন্তু ‘বাসরযাত্রা’ নাটকটি একেবারেই ভিন্ন ধরনের একটি গল্পের নাটক। এই নাটকে আমি লাইলি চরিত্রে অভিনয় করেছি। এর আগে আমার অভিনীত নাটকগুলোতে শহুরে চরিত্রে নিয়মিত অভিনয় করলেও এই প্রথমবার এই নাটকের মাধ্যমে গ্রামীণ চরিত্রে আমি অভিনয় করলাম, যা আমার জন্য এক ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতা ছিলো।”

তাহলে ‘বাসরযাত্রা’ নাটকের গল্প কেমন ছিলো?

তিনি বলেন,“খুবই মজার ও রোমান্টিক গল্পের নাটক হচ্ছে ‘বাসরযাত্রা’। নাটকে আমার প্রেমিক হচ্ছে হিল্লোল ভাই।যার সঙ্গে আমি চুটিয়ে প্রেম করি। এক পর্যায়ে আমাদের উভয়ের মধ্যে বিয়েও ঠিক হয়। আমাদের পরিবারের একটি রেওয়াজ থাকে বিয়ের সময় বরকে অবশ্যই পালকি নিয়ে আসতে হবে। কিন্তু ঘটনাক্রমে বর পালকির বদলে রিক্সায় চড়ে আসে। ফলে নাটকের গল্পে এক নতুন মোড় চলে আসে। মূলত এমনই নাটকীয়তায় একটা করুন পরিণতির দিকে নাটকের কাহিনি এগিয়ে যায়। তবে সত্যি বলতে, এমন ধরনের মধুর প্রেমের নাটকে আমি আগে কখনোই অভিনয় করিনি।”

নাটকে তিনি আদনান ফারুক হিল্লোলের সঙ্গে জুটিবেঁধে অভিনয় করেছেন। প্রথমবারের মত হিল্লোলের সঙ্গে জুটিবেঁধে কাজের অভিজ্ঞতাও নাকি ছিলো বেশ।

তিনি বলেন, “হিল্লোল ভাইয়ের সঙ্গে এই প্রথমবার আমি নাটকে অভিনয় করলাম। কাজের সময় তিনি যে কতটা সহযোগী মনোভাবের তা আমি তার সঙ্গে কাজ না করলে কখনও জানতে পরতাম না। তিনি যেমন একজন খুব ভালো মনের মানুষ তেমনি খুবই মেধাবী একজন অভিনেতা। আমার বিশ্বাস পর্দায় আমাদের জুটির রসায়ন নাটকপ্রেমী দর্শকরা বেশ উপভোগ করবেন।”

সম্প্রতি পূবাইলে নাটকটির দৃশ্যধারনের কাজ সম্পন্ন করা হয়েছে। নাটকটিতে অন্যান্যদের মধ্যে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা মিমি প্রমুখ।

নাটকটি রচনা করেছেন সাধনা আহমেদ এবং নির্মাণ করেছেন প্রবীর দত্ত। সবকিছু ঠিকঠাক থাকলে খণ্ড নাটকটি খুব শীঘ্রই বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে বলে গ্লিটজকে জানিয়েছেন আইরিন।