খুন হয়েছিলেন মাইকেল জ্যাকসন?
মাইকেল জ্যাকসনকে খুন করা হয়েছিল- সম্প্রতি রোলিং স্টোনসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করলেন তার কন্যা প্যারিস জ্যাকসন।
মাইকেল জ্যাকসন-এর দ্বিতীয় সন্তান প্যারিস এখন আঠারো বছর বয়সী। সাত বছর আগে যখন তার বাবার মৃত্যু হয়েছিল, তখন তিনি ছিলেন নেহায়েতই এক ১১ বছরের শিশু। কিন্তু ওই সময়েও বাবার কর্মব্যস্ত জীবন নিয়ে চিন্তিত ছিলেন তিনি।
`রোলিং স্টোনস'কে দেওয়া ওই সাক্ষাৎকারে প্যারিস বলেন, “বাবা প্রায়ই আভাস দিত, তাকে সরিয়ে দিতে চায় অনেক লোকই। মাঝে মাঝে বাবা বলতো, ‘ওরা আমাকে একদিন মেরে ফেলবে’।”
সাক্ষাৎকারের ওই পর্যায়ে প্যারিসকে জিজ্ঞেস করা হয়, তিনি কি মনে করেন, তার বাবাকে খুন করা হয়েছিল কিনা?
এর উত্তরে প্যারিস বলেন, “অবশ্যই।”
তার অবস্থানকে ব্যাখ্যা করে প্যারিস বলেন, “কারণ এটাই ঘটেছে। সব তীর ওই একটা দিকেই যায়। শুনে মনে হতে পারে এটা পুরোপুরি একটা আষাঢ়ে গপ্পো, কিন্তু তার সত্যিকারের ভক্তরা এবং পরিবারের সবাই ব্যাপারটা জানে। পুরো ব্যাপারটাই ছিল পূর্ব পরিকল্পিত।”
২০০৯ সালের ২৫ জুন নিজ বাসগৃহে মৃত অবস্থায় পাওয়া যায় মাইকেল জ্যাকসনকে। পরবর্তীতে জানা গিয়েছিল প্রপোফল নামের একটি অ্যানেস্থেটিক ওষুধের মাত্রাতিরিক্ত সেবনে মৃত্যু হয়েছিল তার।
এই ঘটনায় জ্যাকসনকে প্রপোফল দেওয়ার কারণে ‘অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডে’র দায়ে দোষী সাব্যস্ত হন তার চিকিৎসক কনরাড মারে।
সাক্ষাৎকারে কনরাড মারে’র দিকে সরাসরি আঙুল না তুললেও প্যারিস বলেন, অনেক মানুষই মাইকেল-এর মৃত্যু কামনা করতো। তবে ভবিষ্যতে ন্যায়বিচার পাওয়ার আশাও ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, “এটা দাবা খেলার মতো। আমি এটা ঠিকমতো খেলার চেষ্টা করছি। এই মুহূর্তে কেবল এটাই বলতে পারি আমি।”
বাবার মৃত্যুর পর বিষণ্নতায় ভোগা প্যারিস, এর আগে শিরোনামে এসেছেন আত্মহত্যার চেষ্টা করে। এখন তিনি অভিনয়ে এবং মডেলিঙে ক্যারিয়ার গড়ার চেষ্টা করছেন।
