অস্কারের চূড়ান্ত তালিকায় দেব প্যাটেল!
‘লায়ন’ সিনেমায় শেকড় খুঁজে ফেরা এক ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলীয়র ভূমিকায় অভিনয় করে সেরা পার্শ্ব-অভিনেতা বিভাগে অস্কার পুরস্কারের জন্য মনোনীত হলেন ‘স্লামডগ মিলিওনিয়ার’ খ্যাত তারকা দেব প্যাটেল।
প্রথম সিনেমা ‘স্লামডগ মিলিওনিয়ার’ দিয়েই আলোচনায় এসেছিলেন তিনি। এর পর একে একে অভিনয় করেছেন প্রায় ৮টি চলচ্চিত্রে। ‘লায়ন’ সিনেমার সারু ব্রায়ারলি চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য এবছরের প্রায় সব ক’টি নামি-দামি পুরস্কারের জন্যই মনোনীত হয়েছেন এ ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেতা।
দেব প্যাটেল এক বিবৃতিতে এ বিষয়ে তার অনুভূতি জানান।
তিনি বলেন, “আমার মস্তিষ্ক এখনও পুরোপুরি এই খবরটি বুঝে উঠতে পারেনি। তবে চারপাশে আমার ভালোবাসার মানুষগুলোর মুখে হাসি দেখতে পাচ্ছি.. এবং আমি অসম্ভব রকমের কৃতজ্ঞতা বোধ করছি।”
সেইসঙ্গে তিনি উল্লেখ করেন তার শেকড়ের দেশ ভারতের কথাও।
“এই দেশটি আমার হৃদয়ের গভীরতম কুঠুরিতে জায়গা করে নিয়েছে। আর এখানেই সারুর (‘লায়ন’-এ দেব অভিনীত চরিত্র) অসাধারণ যাত্রার শুরু।”
৮৯তম অস্কার পুরস্কারে সেরা পার্শ্ব-অভিনেতার ক্যাটাগরিতে দেব ছাড়াও আরও রয়েছেন মাহেরশালা আলী (মুনলাইট), লুকাস হেজেস (ম্যানচেস্টার বাই দ্য সি), জেফ ব্রিজেস (হেল অর হাই ওয়াটার) ও মাইকেল শ্যানন (নকটারনাল অ্যানিম্যাল)।
২৬ ফেব্রুয়ারি হলিউডের ডলবি থিয়েটারে বসবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (অস্কার)-এর ৮৯তম আসর।
