‘পরবাসিনী’র প্রচারে ঢাকায় আসছেন সব্যসাচী ও উর্বশী
চিত্রনায়ক ইমন অভিনীত দেশের প্রথম সায়েন্স ফিকশন ছবি পরবাসিনী মুক্তি পাচ্ছে ৫ মে। এ ছবির প্রচারণায় ঢাকায় আসছেন সিনেমাটির দুই ভারতীয় অভিনয়শিল্পী সব্যসাচী চক্রবর্তী ও উর্বশী রাউতেলা।
‘লালটিপ’-এর পর দীর্ঘবিরতি নিয়ে নতুন চলচ্চিত্র পরবাসিনী নিয়ে বড়পর্দায় হাজির হচ্ছেন নির্মাতা স্বপন আহমেদ। টানা তিনবছরের শ্রমে নির্মাণ করেছেন দেশের প্রথম সায়েন্স ফিকশন চলচ্চিত্র ‘পরবাসিনী’। বাংলাদেশ ছাড়াও এ ছবির দৃশ্যধারণ হয়েছে ভারত, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, বেলজিয়ামসহ নয়টি দেশে।
মঙ্গলবার দুপুরে নির্মাতা স্বপন আহমেদ গ্লিটজকে বললেন, “আমি চাইলেই ‘লালটিপে’র পর নতুন আরও বেশ কিছু চলচ্চিত্র নিয়ে হাজির হতে পারতাম। কিন্তু আমি চেয়েছি এমন কিছু করতে যা দর্শক অনেকদিন মনে রাখবে। ‘পরবাসিনী’ তেমনই একটি ছবি। পৃথিবীর অনেকগুলো দেশে দৃশ্যধারণ হয়েছে। ৪৮ মিনিটের ভিএফএক্সের কাজ রয়েছে ছবিটিতে। সবমিলিয়ে দীর্ঘ প্রস্তুতির পর ছবিটি নিয়ে হলে আসছি। আমার মন বলছে দর্শক ছবিটি গ্রহণ করবে।”
তবে দেশি চলচ্চিত্রের বাস্তবতায় স্বল্পবাজেটের কারনে ‘পরবাসিনী’ নিয়ে হলিউডি ছবির মতো কিছু প্রত্যাশা করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন নির্মাতা।
তিনি বলেন, “দেখুন আমাদের দেশের চলচ্চিত্রের বাস্তবতায় স্বল্পবাজেটে হলিউডের মতো মোশন ইফেক্ট দিয়ে চলচ্চিত্র নির্মাণতো সম্ভব নয়। সেসব চলচ্চিত্র নির্মাণ করতে হাজার কোটি টাকা লাগে। আমাদের বাস্তবতায় আমি চেষ্টা করেছি সর্বোচ্চমানের চলচ্চিত্রটি উপহার দিতে। থ্রিডিতে কাজ করেছি। সব মিলিয়ে আড়াইশ থ্রিডি ক্যারেক্টার ছিলো এখানে।”
সম্পাদনার টেবিল থেকে উঠে এবার ছবিটির প্রচারণার পরিকল্পনা আঁটছেন নির্মাতা।
জানালেন, “এপ্রিল থেকেই প্রচারণার কাজ শুরু করতে চাই। আমাদের টার্গেট ১৩ থেকে ৪৫ বছর বয়সের দর্শক। এ লক্ষ্যে এ ছবিতে অভিনয় করা ভারতীয় কয়েকজন শিল্পীকেও বাংলাদেশে আসার ব্যাপারে নিশ্চিত করেছি। এদের মধ্যে আছেন সব্যসাচী চক্রবর্তী ও বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। শিল্পীদের নিয়ে বিভিন্ন টেলিভিশনে ও সংবাদ সম্মেলনে উপস্থিত হবো। এছাড়া অন্যান্য শিল্পীদের নিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ও হলে হলে যাওয়ার পরিকল্পনা আছে।”
চলচ্চিত্রটিতে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছন ইমন ও অপ্সরা। চলচ্চিত্রটির একটি গানে পারফর্ম করেছেন বলিউড ছবি ‘গ্র্যান্ড মস্তি’ ও ‘সনম রে’ দিয়ে আলোচনায় আসা উর্বশী রাউতেলা। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, সোহেল খান, সব্যসাচী চক্রবর্তী, জুন মালিয়া, ঋত মজুমদারসহ ১৬ দেশের অভিনয়শিল্পী।
