২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হুমায়ূন ফরিদীকে একুশে পদক দেওয়ার দাবি

প্রয়াত অভিনেতা হুমায়ূন ফরিদীকে মরণোত্তর একুশে পদক দেওয়ার দাবিতে কর্মসূচি হাতে নিয়েছে ‘ফরিদীর জন্য একুশে পদক’ নামে একটি ফেইসবুক গ্রুপ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2017, 08:50 PM

Updated : 11 Apr 2022, 10:50 PM

দাবির পক্ষে জনসমর্থন তৈরিতে গণস্বাক্ষর সংগ্রহ করবে তারা।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং বিকাল ৩টা থেকে শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে স্বাক্ষর সংগ্রহ করা হবে বলে এই ফেইসবুক গ্রুপের অন্যতম উদ্যোক্তা সিকদার লোটাস সবুজ জানিয়েছেন।

এরপর ২৬ জানুয়ারি সকাল ১০টা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের  অমর একুশে চত্বরে হবে স্বাক্ষর সংগ্রহ। ওই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ছাত্র ছিলেন হুমায়ূন ফরিদী।

লোটাস সবুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১১ সালে হুমায়ূন ফরিদীর ৬০তম জন্মদিনে এক বার্তায় তাকে একুশে পদক দেওয়ার দাবি জানিয়েছিলেন নন্দিত কথাশিল্পী হুমায়ুন আহমেদ।

“আচ্ছা এই মানুষটি কি অভিনয়কলায় একটি একুশে পদক পেতে পারেন না? এই সম্মান কি তার প্রাপ্য না?," বলেছিলেন তিনি।

এরপর অভিনেতা, লেখক ও শিল্পীমহলে একাধিকবার এই দাবি তোলা হলেও কোনো উদ্যোগ দেখা যায়নি জানিয়ে সবুজ বলেন, “আমরা এবার সেই দাবি আরও জোরালো করতে চাই। যথাযথ কর্তৃপক্ষের যেন টনক নড়ে।”

চলচ্চিত্র, মঞ্চ ও টেলিভিশন নাটকের গুণী অভিনেতা হুমায়ূন ফরিদী ২০১২ সালে মারা যান।

মাদারীপুরের শিল্পী নাট্যগোষ্ঠীর মাধ্যমে নাট্যচর্চায় জড়িয়ে পড়া হুমায়ূন ফরিদী বিশ্ববিদ্যালয় জীবনে এসে পুরোদমে অভিনয়ে মনোনিবেশ করেন।

পরে যোগ দেন ঢাকা থিয়েটারে। মঞ্চে ‘ত্রিরত্ন’ , ‘কীত্তনখোলা’, ‘মুন্তাসির ফ্যান্টাসি’, ‘কিরামত মঙ্গল’ নাটকগুলোর পরে ‘কাছের মানুষ’, ‘মোহনা’, ‘গুপ্তধন’, ‘সংশপ্তক, ‘ভবের হাট’, ‘কোথাও কেউ নেই’ –এর মতো টিভিনাটকে অভিনয় করেন তিনি।

‘সন্ত্রাস’, ‘দহন’, ‘জয়যাত্রা’, ‘শ্যামল ছায়া’, ‘দূরত্ব’, ‘মাতৃত্ব’, ‘ভণ্ড’, ‘বিশ্বপ্রেমিক’, ঘাতক’- এর মতো অনেক জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

‘মাতৃত্ব’ সিনেমার জন্য ২০০৪ সালে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান হুমায়ূন ফরিদী।