অবৈধ অস্ত্র রাখার দায় থেকে মুক্তি পেলেন সালমান
মুম্বাইয়ের গাড়ি দুর্ঘটনার মামলায় নিস্কৃতি পাওয়ার পর এবার কৃষ্ণশবর শিকারের ঘটনায় অবৈধ অস্ত্র রাখার দায় থেকে যোধপুর আদালত অব্যাহতি দিল ভারতীয় অভিনেতা সালমান খানকে।
৯ জানুয়ারি এই মামলার সকল শুনানি শেষ হওয়ার পর এই রায় ঘোষণা করলেন যোধপুর আদালতের প্রধান বিচারক দলপত সিং রাজপুরোহিত।
বুধবার যোধপুর আদালতে রায় ঘোষণার সময় সশরীরে উপস্থিত ছিলেন সালমান খান। সেসময় তার সঙ্গে ছিলেন তার বোন আলভিরা খান। দায়মুক্তির রায় শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখা যায় তাকে।
পরে টুইটারে ভক্তদের ধন্যবাদ জানিয়ে তিনি লিখেন, “ধন্যবাদ আপনাদের সবাইকে, এতোদিন ধরে আমাকে সমর্থন জুগিয়ে আসার জন্য।”
১৯৯৮ সালের পয়লা অক্টোবর যোধপুরে ‘হাম সাথ সাথ হ্যায়’-এর শুটিং করার সময় বিপন্ন প্রজাতির চিঙ্কারা হরিণ শিকারের অপরাধে সালমান এবং তার কয়েকজন সহশিল্পীর বিরুদ্ধে মামলা করা হয়। এছাড়াও, শিকারের সময় সালমান অবৈধ অস্ত্র বহন করেছিলেন বলেও তার বিরুদ্ধে মামলা করা হয়।
এই ঘটনায় সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে চলছে সমালোচনার ঝড়।
“সালমান খান প্রমাণ করলেন কালো টাকা দিয়ে কালো হরিণ হত্যার অপরাধও ঢেকে ফেলা যায়”- এমন কথাই লিখেছেন সমালোচনাকারীদের একজন।
আরেকজন লিখেছেন, “লাখ লাখ মানুষ জানে, দুই মামলাতেই সালমান খান দোষী। কিন্তু আপনি যতই চেঁচান না কেন, অর্থ এবং ক্ষমতার বিরুদ্ধে আপনার কিছুই করার থাকে না।”
এদিকে সালমানের দায়মুক্তির ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন তার ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার সহশিল্পী অলোক নাথ। সিনেমাটিতে তিনি সালমানের বাবার ভূমিকায় অভিনয় করেছিলেন।
আইএএনএসকে তিনি বলেন, “দীর্ঘ এক মামলার শুভ পরিণতি ঘটলো। সালমান এবং তার পরিবার নিঃসন্দেহেই এখন স্বস্তিতে থাকতে পারবেন। এবার সময় হয়েছে সালমানের বিয়ে করে সন্তানের বাবা হওয়ার!”
সালমানের নিন্দুকেরা যেভাবে সমালোচনা করছেন, তার বিপরীতে ভক্তরাও দরুণভাবে উদযাপন করছেন তার এই জয়।
মুম্বাইয়ের ‘ভাইজান’স রেস্টুরেন্টে চলছে খাবার-দাবারে ৫০ শতাংশ মূল্যছাড়। রেস্টুরেন্টটির মালিক সালমান খানের ভক্ত, তাই নিজের খাবারের দোকানের নাম তিনি রেখেছেন সালমান অভিনীত ‘বজরঙ্গী ভাইজান’ অনুসারে।
