মঞ্চে আসছে ‘বহ্নি বিসর্জন ব-দ্বীপ’
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সৃষ্টিসম্ভার থেকে নির্বাচিত তিনটি বিস্ময়কর সৃষ্টিকর্মের সংশ্লেষ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ৩য় বর্ষের ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থীরা মঞ্চে আনছে নাটক ‘বহ্নি বিসর্জন ব-দ্বীপ’।
বুধবার থেকে মঞ্চায়ন শুরু হওয়া নাটকটি শুক্রবার পর্যন্ত টানা তিন দিনব্যাপী নাটমণ্ডল মিলনায়তনে মঞ্চায়িত হবে। নাটকটি নির্দেশনা দিয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক আহমেদুল কবির।
সৈয়দ শামসুল হকের ‘নূরলদীনের সারাজীবন’ ও ‘নিষিদ্ধ লোবান’ এবং ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ অবলম্বনে আবহমান ইতিহাসের ধারায় বাঙালির রাষ্ট্র নির্মাণের আখ্যান নাটকটির মাধ্যমে পরিবেশিত হবে । এই নাট্যের বুনন ও বিন্যাসে প্রথমেই গৃহিত হয়েছে সৈয়দ হকের কাব্যনাটক ‘নূরলদীনের সারাজীবন’, নাট্যের দ্বিতীয় বুননশীল উপাদান হলো ১৯৭১-এর মুক্তিযুদ্ধের অগ্নগর্ভ আদিগন্ত প্রেক্ষাপট উন্মোচন করে সৈয়দ হকের উপন্যাস ‘নিষিদ্ধ লোবান’ এবং তৃতীয় বুননশীল উপাদান হিসেবে এসেছে সব্যসাচীর আরেক কাব্যনাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’।
ছবি: আয়োজকরে সৌজন্যে
