২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ক্ষমা’ চাইলেন জাইরা ওয়াসিম, পাশে আছেন আমির

কাশ্মীরের বর্তমান মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গে সাক্ষাতের ঘটনা নিয়ে ‘ক্ষমা’ চেয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি খোলা চিঠি প্রকাশ করেছেন ‘দঙ্গল’ অভিনেত্রী জাইরা ওয়াসিম। পরবর্তীতে মুছে ফেলা সেই বার্তা নিয়ে সরব হয়েছে ভারতীয গণমাধ্যম।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2017, 08:11 PM

Updated : 11 Apr 2022, 10:49 PM

কাশ্মীর থেকে আসা এই অভিনেত্রী নজর কাড়েন গতবছরের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা ‘দঙ্গল’-এ ভারতের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কুস্তিগির গীতা ফোগাত-এর ছেলেবেলার চরিত্রে অভিনয় করে। সেই খ্যাতির সুবাদেই ভারতে রাতারাতি তারকা বনে গেছেন ১৬ বছর বয়সের এই কিশোরী।

বহু বিখ্যাত মানুষের সঙ্গে এরমধ্যে সাক্ষাতও হয়েছে জাইরার। এই তালিকার সর্বশেষ সংযোজন ছিলেন মেহবুবা মুফতি। কাশ্মীরি কট্টরপন্থিরা বিষয়টিকে ভাল চোখে দেখেননি একেবারেই। অন্তর্জালে চলেছে জাইরাকে নিয়ে তুমুল সমালোচনা।

এই ঘটনার পরপরই জাইরা একটি খোলা চিঠি প্রকাশ করেন, যেখানে লেখা ছিল, “আমি যা করছি, তা নিয়ে আমি গর্বিত নই এবং সবাই বিশেষ করে তরুণ প্রজন্ম আমাকে রোল মডেল মনে করুক, এটাও আমি চাইনা।”

কোনো নাম উল্লেখ না করে তিনি আরও লিখেন, “আমি জানি অনেকেই আমার সাম্প্রতিক কর্মকাণ্ড এবং যাদের সঙ্গে সম্প্রতি দেখা করেছি- এসব নিয়ে খুবই অসন্তুষ্ট। বিশেষ করে বিগত ছয়মাস ধরে যা হয়ে আসছে, তা নিয়ে।”

এই খোলা চিঠি ইন্সটাগ্রামে প্রকাশ করার কিছুক্ষণের মধ্যেই তা মুছে ফেলেন জাইরা। তারপর থেকেই বিষয়টি নিয়ে সরব হয়েছেন তারকারা।

জাইরার সহশিল্পী এবং সিনেমায় তার বাবার চরিত্রে অভিনয় করা আমির খান মনে করছেন ‘পরিস্থিতির শিকার’ হয়েই এই খোলাচিঠি লিখেছেন তিনি।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ ব্যাপারে আমির বলেন, “আমি জাইরার বিবৃতি পড়েছি এবং বুঝতে পারছি কী ধরণের পরিস্থিতি তাকে এরকম কিছু করতে বাধ্য করতে পারে।”

তিনি আরও বলেন, “জাইরা, আমি তোমাকে জানাতে চাই, আমরা সবাই তোমার পাশে আছি। আসল কথা হলো, তোমার মতো প্রতিভাবান, পরিশ্রমী, বিনয়ী, যত্নশীল এবং বুদ্ধিমতি তরণেরা কেবল ভারতই নয়, গোটা বিশ্বের সব শিশুদের রোলমডেল। আমার কাছে তুমি অবশ্যই একজন রোলমডেল।”

এরপর সমালোচনাকারীদের উদ্দেশ্যে আমির লিখেন, “আমি সবার কাছে আবেদন করছি, ওকে মুক্তি দিন এসব থেকে। এটা মনে রাখুন, ও কেবল ১৬ বছরের একটি কিশোরী এবং এই বয়সেই জীবনের সঙ্গে মানিয়ে নেওয়ার সর্বাচ্চ চেষ্টাটাই ও করছে।”

জাইরার সমালোচনাকারীদের একহাত নিলেন ভারতের অলিম্পিয়ান কুস্তিগির গীতা ফোগাতও।  

“জাইরার ক্ষমা চাওয়ার কিছু নেই। ও অন্যায় কিছু করেনি। আমরা জাতিকে গর্বিত করেছি মেডেল জিতে, সেটা আমাদের দেশের নাগরিকদের জন্য গর্বের এক মুহূর্ত ছিল। জাইরা আমার চরিত্রে অভিনয়ের জন্য অনেক পরিশ্রম করেছে।”

কবি এবং গীতিকার জাভেদ আখতার এই ঘটনায় নিন্দা করেছেন কাশ্মীরের স্বাধীনতাকামিদের।

তিনি বলেন, “যারা এতোদিন ধরে স্বাধীনতা স্বাধীনতা করে চিৎকার করছিল, তারাই অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে! জাইরা বেচারিকে নিজের সাফল্যের জন্য ক্ষমা চাইতে হলো। কী লজ্জা!”