শ্লীলতাহানী থেকে তরুণীকে রক্ষা করলেন আতিফ আসলাম
করাচিতে অনুষ্ঠিত একটি কনসার্টে দর্শকসারিতে এক তরুণীকে লাঞ্ছিত হতে দেখে গান থামিয়ে তাকে রক্ষা করতে এগিয়ে আসেন পাকিস্তানি গায়ক আতিফ আসলাম।
শনিবার রাতে করাচি ইট ২০১৭ শীর্ষক কনসার্টে ঘটে ওই ঘটনা। কনসার্টটিতে আতিফ-এর পাশাপাশি গান গেয়েছেন আবিদা পারভিন-এর মতো বর্ষীয়ান তারকা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, আতিফ আসলাম মঞ্চে উঠেন রাত ১ টার পর। তার পরিবেশনার মাঝামাঝি সময়ে সামনের সারির কিছু যুবককে তিনি দেখেন একটি তরুণীকে লাঞ্ছনা করতে।
সঙ্গে সঙ্গে গান থামিয়ে মঞ্চের কিনারে এসে দাঁড়ান তিনি; যুবকদের উদ্দেশ্যে চেঁচিয়ে বলেন, “জীবনে এর আগে কোনোদিন মেয়েদের দেখনি?”
তিনি আরও বলেন, “তোমাদের মা-বোনরাও এই কনসার্টে থাকতে পারতো।”
এরপরপরই কনসার্টের নিরপত্তাকর্মীদের তরুণীটিকে রক্ষার নির্দেশ দেন তিনি। উপস্থিত নিরাপত্তরক্ষীরা তরুণীটিকে উদ্ধার করেন এবং লাঞ্ছনাকারীদের ঘটনাস্থল থেকে বের করে দেন।
করাচিতে দিনকে দিন আন্তর্জাতিক শিল্পীদের কনসার্ট কমে আসছে। এরমধ্যেই করাচি ইট ২০১৭-এর আয়োজকেরা সমালোচনার মুখে ছিলেন এটিকে কেবল ‘পরিবার সহ’ দর্শকদের জন্য উন্মুক্ত করে। এতোকিছুর পরও শনিবারের ওই ঘটনাটি এড়ানো সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্য আসেনি আয়োজকদের পক্ষ থেকে
