দাউদ ইব্রাহিমের বাড়িতে চা খেয়েছেন ঋষি কাপুর!
অভিনেতা হওয়ার সুবাদে কুখ্যাত সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের সঙ্গে পরিচয়ের সুযোগ ঘটেছিল ঋষি কাপুর-এর। নিজের প্রকাশিতব্য আত্মজীবনীতে এই তথ্য জানিয়েছেন তিনি।
তিনি লিখেছেন, “অভিনেতা হওয়ার সুবাদে খ্যাতিমানদের সঙ্গে সঙ্গে কুখ্যাত অনেকের সঙ্গেও পরিচয়ের অভিজ্ঞতা হয়েছে। তাদেরই একজন হলেন দাউদ ইব্রা্হিম।”
“সেটা ছিল ১৯৮৮ সাল। দুবাইতে গিয়েছি আমার সবচেয়ে কাছের বন্ধু বিট্টু আনন্দের সঙ্গে আশা ভোঁসলে আর আরডি বর্মণের এক অনুষ্ঠানে। এয়ারপোর্ট ছেড়ে যখন যাচ্ছি, এক অপরিচিত লোক এসে বললো, ‘দাউদ সাহেব কথা বলতে চান।”
ঋষি কাপুর দাবি করেন, ঘটনাটি ১৯৯৩ সালের বোমা হামলার আগের হওয়ায় তিনি তখনও জানতেন না দাউদ ইব্রাহিম একজন কুখ্যাত সন্ত্রাসী।
“উনি তখনও আমাদের রাষ্ট্র ঘোষিত শত্রু ছিলেন না। অন্তত আমি সেরকম কিছু জানতাম না। তো্ তিনি ফোনে আমাকে সাদর সম্ভাষণ জানিয়ে বললেন, ‘আপনার কোনো কিছুর দরকার পড়লে আমাকে বলবেন।’ আমাকে চায়ের দাওয়াতও দিলেন। আমি মুগ্ধ হয়ে গেলাম।”
পরের ঘটনাটি ছিল এরকম- “আমি সেই দাওয়াত গ্রহণে দোষের কিছু দেখিনি। সন্ধ্যাবেলায় আমাদের নিতে হোটেলের সামনে একটি চকচকে রোলস রয়েস এসে হাজির। সেই গাড়িতে চড়ে আমরা যখন তার বাসায় যাচ্ছি, সবাই দেখি শুধু কুটচি ভাষায় কথা বলে। আমি কুটচি বুঝি না, কিন্তু আমার বন্ধু বোঝে। সে বললো, দাউদের বাড়ির ঠিকানা যাতে চিনে না ফেলি, সেজন্য আমাদের পথ ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।”
“বাড়িতে পৌঁছানোর পর ইতালিয়ান পোশাক পরা দাউদ আমাদের অভ্যর্থনা জানালেন। সেইসঙ্গে দুঃখপ্রকাশ করে এটাও বললেন, তিনি মদ্যপান করেন না, তাই কেবল চায়ের আয়োজনই রয়েছে। তো চা আর বিস্কুট খেতে খেতেই ঘন্টার পর ঘন্টা জম্পেশ আড্ডা চললো।”
ঋষি উল্লেখ করেন, এই বাস্তব ঘটনাটি পরবর্তীতে রাহুল রাওয়াল তার ১৯৮৫ সালের সিনেমা ‘অর্জুন’-এ তুলে আনেন।
ঋষি বলেন, বলিউডের অভিনেতাদের ভক্ত ছিলেন দাউদ।
“আমাকে দাউদ বলেছিলেন, আমার প্রতি তিনি দারুন সন্তুষ্ট কারন ‘তাওয়াইফ’ সিনেমায় আমি দাউদ নামের একটি চরিত্রে অভিনয় করেছি। আমি তার নামকে এভাবে খ্যাতির চূড়ায় নিয়ে গেছি বলে তিনি খুবই খুশি হয়েছিলেন। তিনি আরও জানান, আমার, আমার বাবার (রাজ কাপুর), দিলিপ কুমারের এবং মেহবুব-এর দারুন ভক্ত ছিলেন।”
ওই দিনের পরে আরও একবার দাউদ ইব্রাহিমের সঙ্গে দেখা হয় ঋষির। সেটাও দুইবাইতেই।
“আমি আর নিতু একটি লেবানিজ দোকানে জুতা কিনছিলাম, এমনসময় সাত-আটজন দেহরক্ষী পরিবেষ্টিত হয়ে তার আগমন। তিনি আমাকে জুতো কিনে দিতে চেয়েছিলেন। আমি বিনয়ের সঙ্গে মানা করি এবং বলি, ‘আমার কেনাকাটা আমাকেই করতে দিন।’”
“তিনি এরপর তার মোবাইল ফোন নম্বর আমাকে দেন এবং আমারটা চান। আমি তাকে আমার নম্বর দিতে পারিনি কারণ তখনও ভারতে মোবাইল ফোন চালু হয়নি।”
এটিই ছিল দাউদ ইব্রাহীমের সঙ্গে ঋষি কাপুরের শেষ দেখা। পরবর্তীতে নিখিল আদভানির ‘ডি-ডে’ সিনেমায় দাউদ-এর ভুমিকায় অভিনয়ও করেছিলেন তিনি। তখন এই কুখ্যাত সন্ত্রাসীর সঙ্গে মোলাকাতের অভিজ্ঞতা কাজে লেগেছিল বলেও জানান তিনি।
