২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘নারীর পদাঙ্ক এখন পুরুষের সমান’

পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে শুরু হয়েছে ‘চলচ্চিত্রে নারী’ শীর্ষক তৃতীয় ঢাকা আন্তর্জাতিক সম্মেলন। শুক্রবার দেশী-বিদেশি অসংখ্য নারী নির্মাতা, অভিনেত্রী ও চলচ্চিত্র সমালোচকদের এ সম্মেলন উদ্বোধন করেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার শিরীন শারমিন চৌধুরি। দুইদিনব্যাপি এ আয়োজন আঁলিয়স ফ্রসেস সেন্টারে চলছে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2017, 03:49 PM

Updated : 11 Oct 2022, 01:20 PM

অনুষ্ঠানে শিরীন শারমিন চৌধুরি বলেন, “এ আয়োজনে অসংখ্য মেয়েদের দেখে আমি উল্লসিত। নারীদের বিভিন্নভাবে এগিয়ে যাওয়ার জন্য এ ধরনের আয়োজন অনেক বেশি সহায়ক।”

তিনি এ আয়োজনে অংশ হতে পারার জন্য রেইনবো ফিল্ম সোসাইটিকে ধন্যবাদ জানান। চলচ্চিত্রে নারীদের দেখানোর বিষয়বস্তুর উন্নয়ন এবং নারীদের দ্বারা নির্মিত চলচ্চিত্রে তাদের চিন্তা-চেতনার বহিঃপ্রকাশ কিভাবে বিশ্ব চলচ্চিত্রে প্রভাব ফেলছে এবং নারীর জীবনমানের পরিবর্তন ঘটাচ্ছে, তা নিয়ে অনেকেই আলোচনা করেন।

তুর্কি চলচ্চিত্র সমালোচক এ্লিন তাসকিন বলেন, “এখানে এতো নারী চলচ্চিত্র নির্মাতা ও কর্মী দেখে আমি আপ্লুত। সত্যিই পৃথীবিতে নারীর পদাঙ্ক এখন পুরুষের সমান। নারীরা বিশ্ব পরিবর্তনে এখন পুরুষের সাথে সমান তালে এগিয়ে যাবে।” 

অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা ক্রিকেট টিমের প্রেসিডেন্ট শাহরিয়ার আলমসহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার বিভাগের সহকারি অধ্যাপক ড. উম্মে বুশরা সুলতানা, সহযোগি অধ্যাপক ড. সৈয়দ শেখ ইমতিয়াজ, ইতিহাস বিভাগের ড. সোনিয়া নিশাত আমিন ও সাংবাদিক ও চলচ্চিত্র নির্মতা সামিয়া জামান বক্তব্য রাখেন।

এছাড়াও ভারতের নারী নির্মাতা রুহি দিক্ষীত, ফরাসী নারী সাংবাদিক নাডা আজহারি গিলোনসহ অনেকেই অনুষ্ঠানে তাদের মত প্রকাশ করেন।