‘বন্ধুত্ব ও বিনিময়ের বছর’: ঢাকায় চীনা সাংস্কৃতিক দল
বাংলাদেশ ও চীনের মধ্যে ‘বন্ধুত্ব ও বিনিময়ের বছর’ উদযাপনে সাংস্কৃতিক বিনিময়ের প্রথম কর্মসূচিতে অংশ নিতে চীনের ৩৫ সদস্যবিশিষ্ট একটি সাংস্কৃতিক দল পাঁচ দিনের সফরে ঢাকায় পৌঁছেছে।
অ্যাক্রোবেটিক, নৃত্য ও কণ্ঠশিল্পীদের দলটি রোববার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় প্রথম পরিবেশনায় অংশ নেবে সংস্কৃতি সচিব আক্তারী মমতাজ জানান।
শুক্রবার বিকালে শিল্পকলা একাডেমিতে এই আয়োজনের বিস্তারিত তুলে ধরেন তিনি।
জাতীয় নাট্যশালায় রোববার বিকাল ৫টায় চীনা সাংস্কৃতিক দলটির অনুষ্ঠান উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর; উপস্থিত থাকবেন চীনা দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স ট্যাং শি চাও।
পর দিন সোমবারও জাতীয় নাট্যশালায় আরেকটি পরিবেশনায় অংশ নেবেন চীনা সাংস্কৃতিক কর্মীরা।
চীনের রাষ্ট্রপতি শি জিনপিং গত বছর বাংলাদেশ সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পাদিত যৌথ ইশতেহারে ২০১৭ সালকে বাংলাদেশ ও চীনের ‘বন্ধুত্ব ও বিনিময়ের বছর’ হিসেবে ঘোষণা করেন।
২০১৬ সালে দুই দেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশের শিশুদের একটি দল বেইজিং ইন্টারন্যাশনাল আর্টস স্কুলে প্রশিক্ষণ নিতে গিয়েছে।
