২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর্বোভাইরোসের উপহার ‘বিঃদ্রঃ’

বছরের শুরুতেই ভক্তদের জন্য সুখবর নিয়ে এলো ব্যান্ড ‘আর্বোভাইরাস’। শুক্রবার বিকেলে রাজধানীর রুশ সাংস্কৃতিক কেন্দ্রে নিজেদের তৃতীয় অ্যালবাম ‘বিঃদ্রঃ’ প্রকাশ করতে যাচ্ছে এই রক ঘরানার ব্যান্ডটি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2017, 10:15 PM

Updated : 11 Apr 2022, 10:46 PM

মঙ্গলবার রাতে গ্লিটজকে এমনই খবর শোনালেন ব্যান্ডের গিটারিস্ট সুহার্তো শেরীফ। তিনি বলেন,“শুক্রবার শ্রোতাদের জন্য আমরা আমাদের তৃতীয় অ্যালবাম ‘বিঃদ্রঃ’ প্রকাশ করতে যাচ্ছি।”

অ্যালবামের নাম ‘বিঃদ্রঃ’ কেন জানতে চাইলে গ্লিটজকে তিনি বলেন, “আমাদের দ্বিতীয় অ্যালবাম ‘মন্তব্য নিষ্প্রয়োজন’-এর ধারাবাহিকতা হচ্ছে তৃতীয় অ্যালবাম ‘বিঃদ্রঃ’। আমাদের ‘মন্তব্য নিষ্প্রয়োজন’ অ্যালবামের যে থিমটা ছিলো তা এই তৃতীয় অ্যালবামে এসে সমাপ্ত হলো।”

‘বিঃদ্রঃ’ অ্যালবামে গান থাকছে মোট ৮টি।

এ প্রসঙ্গে গ্লিটজকে সুহার্তো শেরীফ বলেন, “ ‘মন্তব্য নিষ্প্রয়োজন’ অ্যালবামের মোট ১০টি গানের মধ্যে সেই সময় (২০১৩ সাল) আমরা মোট ৮টি গান অনলাইনে প্রকাশ করেছিলাম। বাকি দুটো গান সিডি আকারে সেই সময় প্রকাশের ইচ্ছে থাকলেও পরবর্তীতে তা হয়নি। সেই অপ্রকাশিত দুটো গান সহ নতুন ৬টি গানটি নিয়ে মোট ৮টি গান থাকছে ‘বিঃদ্রঃ’ অ্যালবামে।”

২০০৬ সালে বাজারে প্রকাশিত হয় ‘আর্বোভাইরাস’-এর প্রথম অ্যালবাম ‘64m 53s’। প্রথম অ্যালবাম প্রকাশের ৬ বছর পরে বাজারে ২০১৩ সালে প্রকাশিত হয় ব্যান্ডের দ্বিতীয় অ্যালবাম ‘মন্তব্য নিষ্প্রয়োজন’।এবার তার তিন বছর পরে বাজারে আসছে ব্যান্ডের ৩য় অ্যালবাম ‘বিঃদ্রঃ’। 

‘আর্বোভাইরাস’য়ের বর্তমান লাইনআপে আছেন সুফি (ভোকাল), গিটারে রঞ্জন ও সুহার্তো, বেজ গিটারে আদনান ও ড্রামসে নাফিজ।

‘বিঃদ্রঃ’ অ্যালবামটি অনলাইনে ও সিডি আকারে শ্রোতারা উপভোগ করতে পারবেন বলেও গ্লিটজকে নিশ্চিত করলেন সুহার্তো।