২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টারডাস্টে সোনম, অমিতাভ আর ‘সুলতানে’র জয়

বছর শুরুর সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মৌসুমও। ২০১৬ তে বড়পর্দা মাতিয়েছেন যারা, তারাই একে একে আসছেন পুরস্কারের মঞ্চে। সেই ধারাবাহিকতায় হিন্দি সিনে জগতের অন্যতম বড় পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্টারডাস্ট অ্যাওয়ার্ডস এবার জিতে নিলো গত বছরের অন্যতম ব্যবসাসফল সিনেমা‘সুলতান’।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2017, 10:07 PM

Updated : 11 Apr 2022, 10:46 PM

‘পিঙ্ক’ সিনেমায় এক তুখোড় আইনজীবির চরিত্র রূপায়ণ করে সেরা অভিনেতার পুরস্কার ঘরে তুলেছেন অমিতাভ বচ্চন। ‘নিরজা’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন সোনম কাপুর। এই সিনেমার পরিচালক রাম মাধভানি পেয়েছেন সেরা নির্মাতার পুরস্কার। আর ‘ফ্যান’-এর জন্য শাহরুখ খানকে দেওয়া হয়েছে এডিটর্স চয়েস অ্যাওয়ার্ড।

সেরা নবাগতের পুরস্কার ঘরে তুলেছেন ‘মির্জিয়া’র হর্ষবর্ধন কাপুর।এই সিনেমার অভিনেত্রী সাইয়ামি খেরও পেয়েছেন সেরা নবাগতার পুরস্কার, তবে তার আনন্দে ভাগ বসিয়েছেন ‘এমএস ধোনি : আনটোল্ড স্টোরি’র অভিনেত্রী দিশা পাটানি।

পার্শ্ব চরিত্রের সেরা অভিনেতা হয়েছেন ঋষি কাপুর, ‘কাপুর অ্যান্ড সন্স’-এর জন্য। শাবানা আজমী অর্জন করেছেন এই বিভাগের সেরা অভিনেত্রীর খেতাব, ‘নিরজা’র জন্য।

সংগীত বিভাগের পুরস্কারগুলির বেশিরভাগিই গেছে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর ঘরে। প্রীতম হয়েছেন সেরা সংগীত পরিচালক, ‘চান্না মেরেয়া’র জন্য সেরা পুরুষ প্লেব্যাক শিল্পী হয়েছেন অরিজিৎ সিং। সেরা অ্যালবামের পুরস্কারও গেছে এই সিনেমার ঘরে।

সেরা নারী প্লেব্যাক শিল্পীর পুরস্কার অর্জন করেছেন নেহা ভাসিন, ‘জগ ঘুমেয়া’র জন্য।

আজীবন সম্মাননা অর্জন করেছেন রেখা।