ট্রাম্পকে একহাত নিলেন তারকারা
মেরিল স্ট্রিপকে ‘অতিমূল্যায়িত অভিনেত্রী’ বলায় ডোনাল্ড ট্রাম্প-এর সমালোচনা করেছেন জর্জ ক্লুনি, বারবারা স্ট্রেইস্যান্ড, সেথ মেয়ার্স-এর মতো তারকারা।
গোল্ডেন গ্লোব-এর মঞ্চে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমালোচনা করে দেওয়া মেরিল স্ট্রিপ-এর বক্তব্য ঝড় তুলেছে সবখানে। সেই ঝড়ে পরাস্ত হয়ে ট্রাম্প স্বয়ং টুইটারে মেরিলকে অভিহিত করেছেন ‘অতিমূল্যায়িত অভিনেত্রী’ এবং ‘হেরে যাওয়া হিলারি সমর্থক’ হিসেবে।
ট্রাম্পের এমন বক্তব্যে চটেছে গোটা হলিউড। অস্কারজয়ী অভিনেতা জর্জ ক্লুনি ট্রাম্পকে পাল্টা প্রশ্ন করেছেন, “আপনার না দেশ চালানোর কথা?”
পিপল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে ব্যাঙ্গ করে তিনি আরও বলেন, “মেরিল প্রসঙ্গে আমি এটা সবসময়ই বলে আসছি। মেরিল আসলেই সর্বকালের সেরা ‘অতিমূল্যায়িত’ অভিনেত্রী। তার সঙ্গে আমি ‘ফ্যান্টাস্টিক মিস্টার ফক্স’ সিনেমায় অভিনয় করেছি। আমি ছিলাম মিস্টার ফক্স, তিনি ছিলেন মিসেস ফক্স। এক সাধারণ শৃগালীনির চরিত্রটিকেও তিনি নিজের অভিনয় দিয়ে ‘অতিমূল্যায়িত’ করে ফেলেছেন!”
সংগীতশিল্পী বারবারা স্ট্রেইস্যান্ড একমত পোষণ করেন মেরিল স্ট্রিপ-এর সঙ্গে।
তিনি বলেন, “আমি মেরিলের সঙ্গে পুরোপুরি একমত।এটি একটি হৃদয় বিদারক মুহূর্ত ছিল। কেবল একজন প্রেসিডেন্ট হিসেবেই নয়, যে কোন সম্মানীয় ব্যক্তির পক্ষেই এটি একটি মানহানির ব্যাপার। এই পৃথিবীতে আমাদের যেটা দরকার সেটা হলো সাধারণ ভব্যতা এবং উদার মানসিকতা। এবং যেভাবে তিনি (ট্রাম্প) তার সঙ্গে দ্বিমত পোষণ করা যে কাউকে নিয়ে অপমান করে বসেন, সেটা খুবই মানহানিকর।”
টেলিভিশন উপস্থাপক এবং কমেডিয়ান সেথ মেয়ার্সও বিষয়টি নিয়ে ট্রাম্পকে বিদ্রুপ করতে ছাড়েননি।
তিনি বলেন, একবার ট্রাম্প বলেছিলেন, তিনি নাকি টুইটারে আর্নেস্ট হেমিংওয়ে! এই কথা যদি হেমিংওয়ে শুনতেন, তাহলে আরও একবার আত্মহত্যা করতেন তিনি!”
মেরিলের প্রশংসা করে সেথ মেয়ার্স আরও বলেন, “অতিমূল্যায়িত? মেরিল স্ট্রিপ হলেন সেই মাপের একজন শিল্পী, যাকে সেরার উদাহারণ হিসেবে সবাই অভিহিত করেন। যেমন ধরুন, লেব্রন জেমস হলেন বাস্কেটবলের মেরিল স্ট্রিপ। আর ডোনাল্ড ট্রাম্প হলেন পাতলা চামড়াওয়ালাদের মেরিল স্ট্রিপ!”
