২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নায়লা-রানার নতুন মিউজিক ভিডিও ‘পাপা চিক চিক’

ইউটিউবে প্রকাশিত হয়েছে সংগীতশিল্পী এইচএম রানার কন্ঠে গাওয়া ‘পাপা চিক চিক’গানের মিউজিক ভিডিও।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2017, 05:57 PM

Updated : 19 Aug 2022, 03:25 PM

এরইমধ্যে শ্রোতাদের কাছে সাড়া ফেলেছে গানটি। গানটিতে মডেল হিসেবে অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন ‘কিস্তিমাত’খ্যাত নির্মাতা আশিকুর রহমান।

গানের নাম ‘পাপা চিক চিক’; কিন্তু এর অর্থ কী?

এ প্রসঙ্গে এইচএম রানা বলেন, “গানের কথাগুলোর কোনো বিশেষ ধরনের বার্তাও নেই কিংবা বিশেষ কোনো অর্থও নেই। আমি যখন স্টুডিওতে কাজ করছিলাম তখন র‌্যাপ করতে গিয়ে হঠাৎ করেই এই শব্দগুলো আমার মাথায় চলে আসে।”

তিনি আরও বলেন, “বর্তমানে অনেক ধরণের গানের মিউজিক ভিডিও নির্মাণ হচ্ছে। কিন্তু আমি ভাবলাম ব্যতিক্রমধর্মী কিছু আমার শ্রোতাদের উপহার দেই। তাই নির্মাতার সঙ্গে আলোচনা করে এই গানটি নির্বাচন করলাম ও সঙ্গে মডেল হিসেবে নায়লাকে। আমাদের লক্ষ্য ছিলো শ্রোতাদের নতুনত্বের স্বাদ দেওয়া।”

মিউজিক ভিডিওটিতে মডেল হিসেবে নায়লা নাঈমকে নির্বাচন প্রসঙ্গে নির্মাতা আশিকুর রহমান বলেন, “এই মিউজিক ভিডিওর জন্য যে ধরণের মডেল প্রয়োজন ছিলো সেক্ষেত্রে নায়লা নাঈমের কোনো বিকল্প নেই। তিনি এই গানের জন্য উপযুক্ত। তাছাড়া নাচের ক্ষেত্রে তিনি বেশ পারদর্শী। তাই সবকিছু মিলিয়েই তাকে এই গানের জন্য নির্বাচন করা হয়েছে।”

 

২০১২ সালে বাজারে প্রকাশিত হয় এইচএম রানার ক্যারিয়্যারের প্রথম একক অ্যালবাম ‘ভালোবাসিনি’।এরপরে ২০১৭ সালে প্রকাশিত হলো তার দ্বিতীয় একক অ্যালবাম ‘রানার’। অ্যালবামে গান রয়েছে মোট নয়টি। সবগুলো গানের কথা ও সুর করেছেন রানা নিজেই। অ্যালবামের সবগুলো গানের কম্পোজিশন করেছেন আশিকুর রহমান আশিক। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন-এর ব্যানারে বাজারে প্রকাশিত হয়েছে অ্যালবাম ‘রানার’।