২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোল্ডেন গ্লোবে মেরিল স্ট্রিপের ট্রাম্পবিরোধী বক্তব্য

সেসিল বি. ডি’মিলে পুরস্কার নেয়ার পর মেরিল স্ট্রিপের জোরালো ও আবেগঘন বক্তব্য মনে দাগ কেটেছে সকলের। তার এ জাদুকরী বক্তব্যের পর অনেককেই দেখা গেছে চোখের পানি মুছতে। কী ছিলো তার এ বক্তব্যে?

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2017, 05:33 PM

Updated : 19 Aug 2022, 03:25 PM

তিনবার জিতেছেন অস্কার, আটবার জিতেছেন গোল্ডেন গ্লোব। হলিউডের ইতিহাসে অন্যতম সেরা অভিনেত্রী বলা হয়ে থাকে মেরিল স্ট্রিপকে। গোল্ডেন গ্লোব ২০১৭-এর মঞ্চ যেন জৌলুস পেলো এ অভিনেত্রীর অসাধারণ বক্তৃতায়।

মেরিল স্ট্রিপকে পুরস্কার তুলে দিতে মঞ্চে আসেন অভিনেত্রী ভাওলা ডেভিস।

সে সময় তিনি বলেন, “মেরিল স্ট্রিপের অভিনয় আমাদের মনে করিয়ে দেয় যে অভিনয় একটি শিল্প। বছরজুড়ে অভিনয় শিল্পে তার অসামান্য অবদানের জন্য সেসিল বি. ডি’মিলে-র জন্য নির্বাচিত করা হলো তাকে।”

মঞ্চে এসে পুরস্কার গ্রহণের পর তার অনুভূতি ব্যক্ত করেন এ অভিনেত্রী। তার বক্তব্যে ছিলো যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি তিরস্কার ও ব্যঙ্গ। যদিও পুরো সময় একবারও ট্রাম্পের নাম উচ্চারণ করেননি তিনি।

মেরিল স্ট্রিপ বলেন, “নির্বাচনী প্রচারণার সময় একজন প্রতিবন্ধী সাংবাদিককে নিয়ে ব্যঙ্গ করা হয়েছিলো যা দেখে আমি সত্যিই খুব আঘাত পেয়েছিলাম। এতো বড় ক্ষমতাধর একজন লোকের  (ডোনাল্ড ট্রাস্প) কাছ থেকে এমন আচরণ আশা করিনি।”

ট্রাম্পের অভিবাসন নীতির প্রতি কটাক্ষ করে এ অভিনেত্রী বলেন, “হলিউড এখন বহিরাগত ও বিদেশীদের দখলে। এই বহিরাগতরা কারা? হলিউডই বা কী? অভিনেত্রী এমি অ্যাডামস জন্মেছেন ইটালিতে, নাটালি পোর্টম্যান জন্মেছেন জেরুজালেমে। অভিনেতা রায়ান গসলিঙ একজন কানাডিয়ান, দেব প্যাটেল ভারতীয় বংশোম্ভূত। এরা সবাই বিদেশি ও বহিরাগত। এদের সবাইকে যদি হলিউড থেকে বের করে দেয়া হয় এরপর তবে ফুটবল ম্যাচ ও মার্শাল আর্ট ছাড়া মার্কিনিদের আর কিছুই দেখার থাকবে না!”

বক্তব্যের শেষে এসে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন এ অভিনেত্রী। তিনি বলেন, “অশ্রদ্ধা, অশ্রদ্ধাই ডেকে আনে। একইভাবে সংঘাত, ডেকে আনে সংঘাত। ঘৃণা বা বিদ্বেষ কখনোই ভালো কিছু বয়ে আনবে না। সদ্য প্রয়াত প্রিয় প্রিন্সেস লেইয়া’র (ক্যারি ফিশার) একটি কথা আজ খুব মনে পড়ছে। তিনি বলতেন, তোমার ‘ভগ্ন-হৃদয়’ নিয়ে যাও আর তাকে পরিণত একটি সুন্দর শিল্পে! সবাইকে অনেক ধন্যবাদ।”

৭৪তম গোল্ডেন গ্লোব-এর আসরটিকে নানা কারণেই মনে রাখবে দর্শক। ‘লা লা ল্যান্ড’-এর বিস্ময়কর সাফল্য, কৃষ্ণাঙ্গ অভিনেত্রী ভাওলা ডেভিসের পুরস্কার জয় ও সর্বোপরি মেরিল স্ট্রিপের আজীবন সম্মাননা পুরস্কার লাভ- সব মিলিয়ে মন মাতালো একটি অনুষ্ঠান উপভোগ করেছে দর্শক।