২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোল্ডেন গ্লোবে কী পরবেন প্রিয়াঙ্কা?

গত কয়েকবছর ধরেই হলিউডে সদর্পে বিচরণ করছেন তিনি। যে কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানের অতিথির তালিকায় প্রিয়াঙ্কা চোপড়ার নাম থাকা মানেই তিনি কী পরবেন, তা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে যাওয়া। গোল্ডেন গ্লোব-এ প্রিয়াঙ্কার অংশ নেওয়া নিয়েও চলছে শোরগোল। এর মধ্যে প্রিয়াঙ্কা নিজেই জানালেন, কী পরবেন, তা এখনও ঠিক করেননি তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2017, 09:41 PM

Updated : 11 Apr 2022, 10:46 PM

রোববার রাতে ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলস-এ গোল্ডেন গ্লোব-এর আসরে বসবে তারার মেলা। নিকোল কিডম্যান, ক্রিস পাইন, এডি রেডমেইন, ড্রিউ ব্যারিমুর আর লিওনার্দো ডি ক্যাপ্রিওদের পাশাপাশি পুরস্কার-প্রদান-মঞ্চে উঠবেন প্রিয়াঙ্কাও। তাই তার পোশাকটাও হওয়া চাই সেরকম জমকালো, এমনটাই মনে করছেন সবাই।

প্রিয়াঙ্কা নিজেও ভাবছেন সেরকমই। আর আলমারিতে সাজানো আছে ঝলমলে সেরকম অনেক পোশাকও। কিন্তু এতো পোশাকের মাঝে কোনটাকে বেছে নেবেন সেটাই বুঝতে পারছেন না এই ‘কোয়ান্টিকো’ তারকা।

নিজের এই মধুর সমস্যাকে তিনি তুলে ধরেছেন ইন্সটাগ্রামে প্রকাশ করা ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে। এর ক্যাপশনে লেখা, “মাঝে মাঝে অনেক বেশি অপশন থাকাটা ভালো নয় মোটেই।”

এবারের আসরে সেসিল বি ডিমিল পুরস্কারে ভূষিত করা হবে তিনবারের অস্কারজয়ী অভিনেত্রী মেরিল স্ট্রিপকে।