‘লায়ন’ আমাকে বদলে দিয়েছে : দেব প্যাটেল
‘স্লামডগ মিলিয়নেয়ার’ দিয়ে পেয়েছিলেন পরিচিতি, কিন্তু হলিউডে পায়ের নিচে শক্ত মাটি খুঁজে পেতে এরপরও অনেক লড়াই করতে হয়েছে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেতা দেব প্যাটেলকে। অবশেষে পেয়েছেন ‘লায়ন’-এর মতো সিনেমায় অভিনয়ের সুযোগ, যা তাকে এনে দিয়েছে পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা গোল্ডেন গ্লোব মনোনয়ন।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে দেব প্যাটেল বলেন, “এই সিনেমা (লায়ন) মানুষের সামনে আমার প্রতিভাকে তুলে ধরেছে। ‘স্লামডগ মিলিয়নেয়ার’-এর পর আমার ভাল কাজ পেতে খুবই অসুবিধা হচ্ছিল। আপনাদের মনে হতে পারে এটা সহজ, কিন্তু আদতে এটি খুবই কঠিন এক লড়াই।”
এতোকিছুর পরও হাল ছাড়েননি দেব।
বলেন, “এরপরও আমি কঠিন পরিশ্রম করে গেছি এবং গত কয়েক বছর ধরে অনেক ধৈর্য ধরেছি। আর তাই, যখন এরকম একটি চরিত্রে অভিনয়ের সুযোগ এলো, একে সঠিকভাবে তুলে ধরার জন্য আমি আমার সবটুকু দিয়ে লেগে গেলাম। যখন এই পরিশ্রমের মূল্য দিচ্ছে সবাই, সত্যিই খুব ভালো লাগছে।”
সিনেমাতে দেব অভিনয় করেছেন সারু নামের একটি জন্মসূত্রে ভারতীয় তরুণের চরিত্রে, যে দেশে ফিরে আসে শেকড় সন্ধানের যাত্রায়। এতে তার পালক-মায়ের ভূমিকায় অভিনয় করে গোল্ডেন গ্লোব মনোনয়ন পেয়েছেন নিকোল কিডম্যানও।
দেব বলছেন, আট মাস ধরে এরকম একটি চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা সত্যি সত্যিই ভারতে নিজের শেকড়কে খুঁজে পেতে সক্ষম হয়েছেন তিনি।
“আমার চেনা জগৎ থেকে নিজেকে একেবারে বিচ্ছিন্ন করে ফেলেছিলাম। ট্রেনে করে গোটা ভারত ঘুরেছি, একের পর এক এতিমখানায় গিয়েছি, নতুন অনেক অসাধারণ মানুষের সঙ্গে পরিচয় হয়েছে। এটা সত্যিই মানুষ হিসেবে আমাকে বদলে দিয়েছে।”
তিনি আরও বলেন, “আর এ কারণেই আমি আমার পেশাকে ভালোবাসি। এর মাধ্যমে অন্যের জুতোয় পা গলিয়ে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গিতে জীবনকে দেখার সুযোগ হয় আমার।”
আর তাই চিরদিনই, তারকাখ্যাতির পেছনে দৌড়াতে নয়, দেব চান অভিনয়ের প্রতিই নিবেদিত থাকতে।
“আমি তারকা হতে চাই না। সামাজিক যোগাযোগের মাধ্যমে আমার কোনো অ্যাকাউন্ট নেই। আমি শুধু একজন ভালো অভিনেতা আর শিল্পী হিসেবে পরিচিতি পেতে চাই।”
