মারমা তরুণীর সঙ্গে নাচলেন ফেরদৌস
বিভিন্ন নৃ-গোষ্ঠীর মনোমুগ্ধকর নাচে অনুষ্ঠিত হলো ৬ষ্ঠ ‘কিউট-চ্যানেল আই পার্বত্য লোকজ মেলা’। তৃতীয়বারের মতো আয়োজিত এ মেলায় ‘পার্বত্য প্রিয়দর্শিনী’ নির্বাচিত হয়েছেন মারমা চিং মৌ। তার মাথায় বিজয়ীর মুকুট তুলে দেন চিত্রনায়ক ফেরদৌস। পাশাপাশি এ তরুণীর সঙ্গে একটি নাচেও অংশ নেন তিনি।
৭ জানুয়ারি বিকেল ৩টায় বান্দরবানে অনুষ্ঠিত এ মেলায় অংশ নিয়েছে পার্বত্য জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর চাকমা, মারমা, ত্রিপুরা সহ ১৬টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী। বান্দরবানে জেলা পরিষদের সহযোগিতায় অনুষ্ঠিত এ লোকজ মেলায় ছিলো হাতে তৈরি তাঁত বস্ত্র, অলঙ্কার, বাঁশ-বেতসহ হস্তশিল্পের ৪০টি দোকান। আদিবাসী তরুণ-তরুণীদের নাচে-গানে দিনভর উৎসবময় পরিবেশে মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে চ্যানেল আই।
ছবি: চ্যানেল আইয়ের সৌজন্যে
ছবি: চ্যানেল আইয়ের সৌজন্যে
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা পরিষদ সদস্য লক্ষ্মীপদ দাস, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নূরুল আবছার প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফারজানা ব্রাউনিয়া।
