তপন চৌধুরীর রাজকীয় প্রত্যাবর্তন
সোলস ব্যান্ডের হয়ে ‘মন শুধু মন ছুঁয়েছে’ গান দিয়ে শ্রোতার মন হরণ করা তপন চৌধুরী গানে গানে চল্লিশ বছর পার করলেন। ৭ জানুয়ারি নিজের জন্মদিন উদযাপন করলেন নতুন গানে ও গানের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে।
গানের চার দশক পূর্তি উপলক্ষ্যে ১৩ বছর পর তপন চৌধুরী নিয়ে এলেন তার নতুন একক অ্যালবাম ‘ফিরে এলাম’। অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজনকে গুরুত্ববহ করে তুলেছে তার সংগীত জীবনে অবদান রাখা দেশের সাত গুণীজনকে সম্মাননা প্রদানের আয়োজনে।
কিন্তু প্রবাসে দিন যাপন করা তপন চৌধুরী কি জানতেন এত বছর পরও তার জন্য সংগীত ভূবনে এত প্রেম জমে ছিলো?
তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে শনিবার সন্ধ্যায় ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তন পরিণত হয়েছিলো কানায় কানায় পূর্ণ এক তারকা সমাবেশে। এ যেন এক রাজকীয় প্রত্যাবর্তন!
কে হাজির ছিলেন না সেখানে! সৈয়দ আবদুল হাদী, আলাউদ্দিন আলী, শেখ সাদী খান, নিয়াজ মোহাম্মদ চৌধুরী, রুনা লায়লা, আলমগীর, ফেরদৌস ওয়াহিদ, আবিদা সুলতানা, রফিকুল আলম,নকীব খান, কুমার বিশ্বজিৎ,আইয়ূব বাচ্চু, মাকসুদ, শমী কায়সার, ফোয়াদ নাসের বাবু, আলম আরা মিনু, সাদিয়া ইসলাম মৌ, সুমনা হক, শফিক তুহিন, শওকত আলী ইমন, কবির বকুল,মেহরীন, আনজাম মাসুদ, দেবাশীষ বিশ্বাস, শিমলা, এসডি রুবেলসহ আরও অনেক তারকা এসেছিলেন তপন চৌধুরীকে শুভাশিস জানাতে।
অনুষ্ঠানের প্রথম পর্বে দিনাত জাহান মুন্নির উপস্থাপনায় তপন চৌধুরীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি চলছিলো গান।
তপন চৌধুরীকে শুভেচ্ছা জানিয়ে রুনা লায়লা বলেন, “আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, দোয়া ও আশীর্বাদ রইলো তপন চৌধুরীর জন্য। আশা রইলো আবার যখন তিনি সংগীতে ৫০ বছর পূর্তি অনুষ্ঠান করবেন তখনও যেন আমরা আসতে পারি।”
সৈয়দ আবদুল হাদী বলেন, “‘ফিরে এলাম’ অ্যালবাম এর মাধ্যমে তার ফিরে আসাকে স্বাগত জানাচ্ছি, এবং এই চল্লিশ বছর যেন আশি বছরে রূপ নেয় সেই কামনা জানাচ্ছি।”
আইয়ূব বাচ্চু বলেন, “তপন দা আমার বড় ভাইয়ের মতো, উনি আমার বন্ধুর মতো। তপন দা বাংলাদেশের আধুনিক গানে যে অবদান রেখে গেছেন সেটা ফিরে না এলেও সারাজীবন বাংলাদেশের মানুষের মনে থাকতো।”
চিত্রনায়ক আলমগীর স্মৃতি হাতড়ে তপন চৌধুরীর প্লে ব্যাকের শুরুর একটি গল্প বলে শুভেচ্ছা জানান তাকে।
আবিদা পারভীন বলেন, “সত্য সাহা যতোদিন ছিলেন আমরা একটা পরিবার ছিলাম। তপনের চল্লিশ বছরে ওর একটা অ্যালবাম হচ্ছে, ওকে অনেক অনেক শুভেচ্ছা।”
তপন চৌধুরী প্রসঙ্গে সহযাত্রী নকিব খান বলেন, “যে সোলস থেকে আজ তপন চৌধুরী হয়েছে সে সোলস না হলে আজ আমরা এ জায়গায় আসতে পারতাম না। সে সময় আমাদের আরও একটা গানের দল ছিলো দশ বারো জনের, ইন্সট্রুমেন্ট ছাড়া গাইতাম আমরা। সেসব স্মৃতি মনে পড়ছে। তপনের গানের চল্লিশ বছর পূর্তি হলো কিন্তু আমার মনে হচ্ছে এমন আরও চল্লিশ আসুক। সব কিছু ছাড়তে পারি, তপনকে ছাড়তে পারবো না।”
শুভেচ্ছার পাশাপাশি তপন চৌধুরীর জনপ্রিয় গান গেয়ে শোনান শিল্পী আলম আরা মিনু, সাব্বির জামান, কিশোর, বাদশা বুলবুল, অনিমা মুক্তি গোমেজ প্রমুখ।
এ পর্ব শেষে তপন চৌধুরীকে নিয়ে তৈরি একটি প্রামান্যচিত্র দেখানো হয়। এরপর মোড়ক উন্মোচনের আগে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, “আমি খুবই আনন্দিত এমন তারা ঝলমলে অনুষ্ঠানে আসতে পেরে। এ ধরনের অনুষ্ঠানে আসতে পেরে। যাদের গান শুনি, টেলিভিশনে দেখি তাদের সঙ্গে দেখা হলো।”
তপন চৌধুরীকে উদ্দেশ্য করে এ বরেণ্য রাজনীতিক আরও বলেন, “তপন যখন গান করেন তখন আমি মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে দেখি আসলে এ কথাগুলো তিনি বিশ্বাসও করেন, ধারন করেন। আমি শুভকামনা করি, তিনি অনেকদূর এগিয়ে যান।”
প্রধান অতিথির বক্তব্যের পর মোড়ক উন্মোচন পর্বে অংশ নেন দেশ বরেণ্য সংগীতশিল্পীরা।
মোড়ক উন্মোচন শেষ মঞ্চে সকলকে প্রণাম জানিয়ে তপন চৌধুরী তার বক্তব্যে বলেন, “যারা এসেছেন আজকের অনুষ্ঠানে আমাকে শুভেচ্ছা জানাতে আপনাদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা। মাঝে কিছুদিন অডিও ইন্ডাস্ট্রির কেমন যেন একটা সময় গেলো, বুঝতে পারছিলাম না কিভাবে ফিরবো। তারপর বাংলাঢোলের উদ্যোগে এই ডিজিটাল অ্যালবাম নিয়ে আসা। যতদিন পর্যন্ত ঠিকভাবে গান গাইতে পারবো, ততদিনই যেন গাইতে পারি এ দোয়া করবেন।”
অনুষ্ঠানে তপন চৌধুরীর সংগীতে বেড়ে উঠবার জন্য যাদের অবদান রয়েছে তেমন কয়েকজন মানুষকে সম্মাননা জানানো হয়। সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- সুব্রত বড়ুয়া রনি, নকীব খান,আইয়ুব বাচ্চু, আমজাদ হোসেন, আলাউদ্দিন আলী ও তাজুল ইসলাম।
অনুষ্ঠানটির মূলপর্ব উপস্থাপনা করেন কথাসাহিত্যিক আনিসুল হক।
