ওম পুরির প্রয়ানে বলিউডে শোক
সবাইকে কাঁদিয়ে অভিনেতা ওম পুরি চলে গেলেন না ফেরার দেশে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউড জুড়ে। অমিতাভ বচ্চন, শাহরুখ খান থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট সহ অনেকেই তাদের টুইটার পোস্টের মাধ্যমে ‘পদ্মশ্রী’ পুরস্কারপ্রাপ্ত এ অভিনেতার প্রতি তাদের শোকবার্তা প্রকাশ করেছেন।
চলচ্চিত্র পরিচালক এবং ওম পুরির ঘনিষ্ঠ বন্ধু অশোক পন্ডিত প্রথম তার টুইটারে জানিয়েছিলেন বিশিষ্ট এই অভিনেতার মৃত্যুসংবাদ ।
তারপর থেকে অনেকেই শোকবিহ্বল বার্তায় জানিয়েছেন ওম পুরির সংগে তাদের মনের কথা ।
অমিতাভ বচ্চন তার টুইটার পোস্টে লিখেছেন, “ওম পুরি মারা গেছেন। এটি শোনামাত্রই খুব কষ্ট পেয়েছি। একজন প্রিয় বন্ধু, অসাধারণ সহকর্মী ও অনবদ্য অভিনেতাকে হারালাম।” শাহরুখ খান তার পোস্টে লিখেছেন, “সৃষ্টিকর্তা তার প্রিয় মানুষদের কাছে টেনে নেন। স্বর্গের বাগান নিশ্চয় খুবই সুন্দর আর সেখানে শান্তিতে থাকবেন তিনি। ওম পুরি, আপনাকে সব সময় মনে পড়বে।”
অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, “একটি যুগের অবসান ঘটলো। চিরবিদায় ওম পুরি।” মাধুরী দিক্ষীত লিখেছেন, “অসামান্য অভিনেতা ওম পুরির মৃত্যুর সংবাদ আমাকে ব্যথিত করেছে। ‘অর্ধসত্য’-তে তার অসাধরণ অভিনয়ের কথা মনে থাকবে সব সময়।”
ব্যক্তিগত স্মৃতিচারণা করে অনেক তারকাই স্মরণ করেছেন এ গুণী অভিনেতাকে। অভিষেক বচ্চন তার টুইট পোস্টে লিখেছেন, “অনেক সিনেমায় কাজ করেছি তার সঙ্গে। অনেক স্মৃতিই জমা আছে। অনেক কিছু শিখেছি তার থেকে। চিরবিদায় ওম পুরি।”
অভিনেত্রী সোনম কাপুর লিখেছেন, “প্রতিদিন সকালে তার সঙ্গে ড্রাইভিংয়ে যেতাম আর পুরনো হিন্দি ছবির গানগুলো শুনতাম। ‘দিল্লী-সিক্স’-এর শুটিং এর সময় তাকে কাছ থেকে দেখেছি। তিনি নেই এটা ভাবতেই খুব খারাপ লাগছে।”
আলিয়া ভাট লিখেছেন, “তার মৃত্যুর খবর শুনে ভীষণ খারাপ লাগছে। হিন্দি সিনেমার অন্যতম সেরা একজন অভিনেতাকে আমরা হারালাম।”
পরিচালক করন জোহর, মহেশ ভাট, অভিনেতা অক্ষয় কুমার, আনুশকা শর্মা, পরিনীতি চোপড়া সহ আরও অনেক তারকাই ওম পুরির প্রতি তাদের শোকবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন।
