সালমান-করনের সিনেমার নায়ক হবেন অক্ষয়!
অক্ষয় কুমার ও সালমান খানের বন্ধুত্বের কথা কারও অজানা নয়। ক’দিন আগেই বন্ধু অক্ষয়কে চমকে দিতে, না বলে কয়ে ‘টু’ সিনমোর মহরতে হাজির হয়েছিলেন সালমান। এবারে সালমান ও করন জোহর প্রযোজিত সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অক্ষয়কে।
২ জানুয়ারি এক টুইটার পোস্টে, এ বিষয়ে তার অনুভূতির কথা জানিয়েছেন অক্ষয়। তিনি লিখেছেন, “সালমান ও করনের ছবিতে ডাক পেয়ে আমি খুবই আনন্দিত। দেখা হবে ২০১৮-তে।”
একই দিনে করন জোহর ও সালমান খানও আলাদা পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। করন জোহর লিখেছেন, “এ অনুভূতি সত্যিই অন্যরকম। যখন বন্ধুরা মিলে একটি বিশেষ সিনেমা তৈরি করা হয় তখন পুরো ব্যাপাটাই অলাদা ভালোলাগার অনুভূতি তৈরি করে।”
ছবিটি পরিচালনা করবেন পাঞ্জাবী পরিচালক অনুরাগ সিং। এর আগে জনপ্রিয় পাঞ্জাবী ছবি ‘জাট অ্যান্ড জুলিয়েট’ ও ‘পাঞ্জাব ১৯৮৪’ পরিচালনা করেছেন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, এ ছবিতে অক্ষয়ের সঙ্গে পর্দায় সালমানকে দেখা যাবে কিনা তা নিশ্চিত নয়। তবে বড় কোনো চরিত্রে নয় বরং অতিথি চরিত্রে ক্যামেরায় আসতে পারেন তিনি।
